এই স্পিনেই কাত জিম্বাবুয়ে!

অতিথিসেবায় এই দেশের মানুষের খ্যাতি বিশ্বজোড়া। বিসিবিরও এই খ্যাতি কম নেই। তবে এবার কিছুটা হলেও নিজেদের স্বার্থের দিকে মন দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে বিশেষজ্ঞ স্পিনার নেওয়া হয়নি একজনও। ইদানীং যাঁকে স্পিনিং অলরাউন্ডার হিসেবে দেখছেন নির্বাচকেরা, সেই শুভাগত হোম সারা দিনে বোলিং করলেন মাত্র ১ ওভার। তার পরও জিম্বাবুয়ে গুটিয়ে গেল ২৪১ রানেই!
এককভাবে মূল হন্তারক নন বিসিবি একাদশের কেউ, সমবায় সমিতির মতো ভাগাভাগি করে উইকেট নিয়েছেন প্রায় সবাই। যিনিই হাত ঘুরিয়েছেন, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা উইকেট উপহার দিয়েছেন তাঁকেই। নাঈম ইসলামকে একসময় অলরাউন্ডার বলা গেলেও ইদানীং বোলিং করেন খুবই কম। সেই নাঈম উইকেট পেয়েছেন দুটি। টেনেটুনে যাঁদের বড়জোর খণ্ডকালীন স্পিনার বলা যায়, সেই শামসুর-মার্শাল-তাইবুর-আসিফরাও পেয়েছেন উইকেট। এটুকুতেও আসলে বলা হচ্ছে না সব। ব্যাটিং-বোলিং ১১ জন হলেও প্রস্তুতি ম্যাচ বলে দুই দলই খেলছে ১৪ জন নিয়ে। জিম্বাবুয়ে যেমন খেলেছে ৯ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে। তার পরও ব্যাটিংয়ে অমন দুর্দশা। বিসিবির হয়ে বোলিং করেছেন ১১ জন, ৬ জনই খণ্ডকালীন স্পিনার।
জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মাথা ভেঙে দেওয়ার কাজটা অবশ্য আগেই করে দিয়েছিলেন পেসাররা। খানিকটা মন্থর উইকেটেও শুরুতে বোলিংয়ে আনা হয়েছে পর্যায়ক্রমে ৫ পেসার। আলাদা করে নজর কাড়লেন দুজন। প্রায় অপরিচিত এক নামকে এই ম্যাচে নিয়ে চমকে দিয়েছিলেন নির্বাচকেরা। সেই মেহেদি হাসান কাল চমকে দিলেন মাঠে। অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার দারুণ বোলিং করে নিলেন থিতু হয়ে যাওয়া দুই টপ অর্ডার ব্যাটসম্যান ব্রায়ান চারি (১৭) ও সিকান্দার রাজার (৪৪) উইকেট। আর টেস্ট দলে নির্বাচকদের আনুকূল্য যিনি পাননি, সেই রবিউল ইসলাম দারুণ এক ইনসুইঙ্গারে উড়িয়েছেন ভুসি সিবান্দার স্টাম্প। দুই দলের গত সিরিজের নায়ক ছিলেন তিনি। কাল নতুন বলে দারুণ বোলিং করে বার্তা দিয়ে রাখলেন নির্বাচকদের।
আরেক পেসার শুভাশিস নিয়েছেন ব্রেন্ডন টেলরের উইকেট। শুভাশিসের নিরীহ এক বাউন্সার স্লিপের ওপর দিয়ে পাঠাতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং-স্তম্ভ। পরের ব্যাটসম্যানরাও অধিনায়ককে অনুসরণ করে একের পর এক উইকেট বিলিয়ে এলেন। লাঞ্চের ঠিক আগের ওভারটি করা শুভাগতকে হয়তো ইচ্ছে করেই আর বোলিং দেওয়া হয়নি সারা দিনে। এক দিক থেকে টানা ১২ ওভার বোলিং করলেন লেগ স্পিনার মার্শাল আইয়ুব। অধিনায়ক নাঈম করেছে ১৫ ওভার। ২ ওভার বোলিং করেই শামসুর রহমান নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজার গুরুত্বপূর্ণ উইকেট। শেষ দিকে স্রোতের বিপরীতে যা একটু লড়েছেন এলটন চিগুম্বুরা (৩৯)। দিন শেষে হাসিমুখে চিগুম্বুরা জানালেন, এমন ব্যাটিংয়ের পরও দুশ্চিন্তার কিছু নেই, ‘আমরা জানি টেস্টে বাংলাদেশ অনেক বাঁহাতি স্পিনার খেলাবে। আজ তো সব উইকেট পেল অফ স্পিনাররা। কাজেই চিন্তার কিছু নেই। আসল প্রস্তুতি আমরা দেশ থেকেই নিয়ে এসেছি।’
শেষ বিকেলে বল হাতেও চিগুম্বুরা প্রথম ওভারে তুলে নিলেন সাদমান ইসলামকে। বেরিয়ে যাওয়া বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েছেন তরুণ ওপেনার। প্রথম দিনেই চিগুম্বুরা ইঙ্গিত দিয়ে রাখলেন, পুরোনো শত্রুই মূল বাধা হতে পারেন এবারও।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৭৬.২ ওভারে ২৪১ (সিবান্দা ৮, চারি ১৭, রাজা ৪৪, হ্যামিল্টন মাসাকাদজা ২৪, টেলর ১৯, আরভিন ৫, চিগুম্বুরা ৩৯, ওয়ালার ৮, মুতুম্বামি ২১, ওয়েলিংটন মাসাকাদজা ১১*, শিঙ্গি মাসাকাদজা ২২; রবিউল ১/২৬, শুভাশিস ১/২৮, সাব্বির ০/১৯, মুক্তার ০/৮, মেহেদি ২/২২, শুভাগত ০/৮, নাঈম ২/৫৩, শামসুর ১/৩, মার্শাল ১/৪৭, আসিফ ১/১৯, তাইবুর ১/০)।
বিসিবি একাদশ: ৫ ওভারে ১১/১ (শামসুর ৪*, সাদমান ০, রনি ৭*, শিঙ্গি ০/৫, চিগুম্বুরা ১/৪, ওয়েলিংটন ০/২)।