এই হলো তামিমের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে নিশ্চয়ই প্রতিপক্ষকে সামলানোর কৌশল নিয়েই আলোচনা চলছে এই টেস্টের অধিনায়ক তামিম ইকবালের। আর চোট যেভাবে হানা দিয়েছে দলে, তাতে যেকোনো আলোচনাতেই এখন ফিজিও ডিন কনওয়ের অনিবার্য উপস্থিতি। কাল ক্রাইস্টচার্চে l ছবি: বিসিবি
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে নিশ্চয়ই প্রতিপক্ষকে সামলানোর কৌশল নিয়েই আলোচনা চলছে এই টেস্টের অধিনায়ক তামিম ইকবালের। আর চোট যেভাবে হানা দিয়েছে দলে, তাতে যেকোনো আলোচনাতেই এখন ফিজিও ডিন কনওয়ের অনিবার্য উপস্থিতি। কাল ক্রাইস্টচার্চে l ছবি: বিসিবি

মুশফিকুর রহিম দলে না থাকলে কী হয়, সেটা প্রায় ভুলেই যাচ্ছিল সবাই। নিউজিল্যন্ড সফর তা আবার মনে করিয়ে দিল। ওয়ানডে, টি-টোয়েন্টির পর আজ টেস্টেও খেলতে নামছে মুশফিকবিহীন বাংলাদেশ দল।
টানা ৯২টি ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এবারই প্রথম ওয়ানডে দলের বাইরে থাকেন মুশফিক। খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজেও। ওয়েলিংটনে মাঠে ফিরেই চোটে পড়েছেন আবার। আঙুলের সেই চোটে আজ টেস্ট দলেরও বাইরে তিনি। অথচ খেলেছেন গত ৪৯টি টেস্টেই। সময়ের হিসাবে দলের বাইরে গেলেন সাড়ে ৯ বছর। সেটাও চোটের কারণে।
সর্বশেষ মাথায় চোট পেলেও সেটা নিয়ে আর কোনো সমস্যা নেই। মুশফিক খেলতে পারছেন না বাঁ হাতের বুড়ো আঙুলের চোটের কারণে। পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি ফিরবেন—এমনটাই আশা করছে বাংলাদেশ দল। ঊরুর চোটে পড়া ইমরুলের সুস্থ হতে লাগবে ১০-১২ দিন।
কাল অনুশীলনে পাঁজরের চোট মাথাচাড়া দিয়ে ওঠায় মুমিনুল হকও খেলেছেন না এই টেস্টে। ইমরুলের পরিবর্তে সৌম্য সরকার খেলবেন। মুশফিকের জায়গায় অভিষেক হবে নুরুল হাসানের। আর মুমিনুল হক না খেলায় সম্ভবত আন্তর্জাতিক অভিষেকের দরজা খুলে যাচ্ছে ১৮ বছর বয়সী নাজমুল হোসেনের সামনেও।
নাজমুলের শেষ পর্যন্ত অভিষেক হলো কি না, সেটা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন। তরুণ এই ক্রিকেটার দলের সঙ্গে সিডনির প্রস্তুতি ক্যাম্পে গিয়েছিলেন বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়। সেভাবেই এসেছেন নিউজিল্যান্ডে। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—কোনো দলেই না থাকা নাজমুলকে বিকল্প ফিল্ডার হিসেবে নামানো হয় ওয়েলিংটন টেস্টে। একের পর এক চোটে দলের অবস্থা এতটাই নাজুক যে, এখন তাঁকে নামানো হচ্ছে টেস্ট খেলতেই।
ক্রাইস্টচার্চের বাংলাদেশ দলটা তাতে হয়ে পড়ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল ছাড়া বাকিদের মধ্যে সর্বোচ্চ টেস্ট খেলার অভিজ্ঞতা কাদের জানেন? সাব্বির রহমান, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের এবং সেটা মাত্র তিনটি করে টেস্ট খেলেই।
অনভিজ্ঞ দলটা পড়েছেও ‘অনভিজ্ঞ’ এক অধিনায়কের হাতে। সহ-অধিনায়ক হিসেবে টুকটাক দায়িত্ব পালন করলেও জাতীয় দলকে নেতৃত্ব দিতে আজই প্রথম মাঠে নামবেন তামিম ইকবাল। আপত্কালীন অধিনায়ক আশাবাদী—সৌম্য, নুরুল ও নাজমুল নিজেদের প্রমাণের এই সুযোগ কাজে লাগাবেন।
ওয়েলিংটন টেস্টের মতো এই টেস্টেও ঘুরেফিরে আসছে বাউন্সার আর শর্ট বলের আলোচনা। তবে তামিম এটাকে খেলার অংশই মনে করছেন, ‘এ নিয়ে অভিযোগ করার কিছু নেই। আমরা যদি মনে করতাম কোনো ব্যাটসম্যান শর্ট বল ভালো খেলে না আমরাও হয়তো একই কৌশল নিতাম। তারাও যদি তাই মনে করে তারা এটা করতেই পারে।’ বাংলাদেশে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দল গেলে যে রকম স্পিনারদের বিশাল বিশাল টার্ন সামলাতে হয়, কিউইদের বাউন্সারগুলোকেও সেভাবেই নিচ্ছেন তামিম।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে টেস্ট খেলতে এলে গায়ে দু-চারটা বল লাগতেই পারে। কিন্তু এখানে এসে যদি তামিম-সাকিব-মাহমুদউল্লাহদের টেস্ট খেলতে হয় কচিকাঁচার আসর নিয়ে, তখন শুধু ভাগ্যকেই দোষ দেওয়া যায়। অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখন মুচকি হেসে বলতেই পারেন, ‘এ জন্যই তো আমি ২২ জন খেলোয়াড় নিয়ে ঘুরছিলাম...।’