এই হার উইলিয়ামসন সইবেন কীভাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি উইলিয়ামসন। ছবি: এএফপি
অপরাজিত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি উইলিয়ামসন। ছবি: এএফপি
• ১১২ রানের দারুণ ইনিংস খেলেও দল জেতাতে পারেননি উইলিয়ামসন।
• টান টান উত্তেজনার ম্যাচটি ৪ রানে জিতেছে ইংল্যান্ড।
• পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল মরগানের দল।
• বুধবার ডানেডিনে সিরিজের চতুর্থ ওয়ানডে।


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ওয়েলিংটনে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের ‘ড্রপ-ইন’ উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। উইকেটের চারপাশে মরা ঘাস, শুধু মাঝে এক চিলতে জায়গা ফাঁকা—কোনো ঘাস নেই। অনেকটা মাথায় টাক পড়লে যেমন দেখায়, তেমনই!

সেই ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের উইকেটে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে টসের সময় ধারাভাষ্যকার মার্ক রিচার্ডসনের নাক কুঁচকে গেছে। তাঁর ভাষায়, উইকেটে, নাকি গোবরের দুর্গন্ধ! অথচ এই উইকেট থেকেই ইংল্যান্ড ছিনিয়ে নিল দারুণ সুবাসের এক জয়।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৪ রান তুলেছিল ইংল্যান্ড। সাদামাটা এই স্কোর তাড়া করতে নেমে দলীয় ৮০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা। এখান থেকে ৮ বলের ব্যবধানে পড়েছে আরও ৩ উইকেট! কিন্তু কেন উইলিয়ামসন অন্য কিছু ভেবে রেখেছিলেন। ২২ ওভারের মধ্যে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে হার দেখছিল কিউইরা। উইলিয়ামসনের ‘ক্যাপ্টেন্স নক’ এই হারের শঙ্কাকে একপর্যায়ে জয়ে সম্ভাবনায় পরিণত করেও শেষ পর্যন্ত জেতাতে পারেনি!

অসমান বাউন্সের উইকেট। একটা ডেলিভারি বুকসমান উচ্চতায় তো পরেরটি হাঁটুর নিচে। উইলিয়ামসন এমন উইকেটেই দেখিয়েছেন তাঁর ব্যাটিং টেকনিকের চূড়ান্ত নিদর্শন। তিনে ব্যাটিংয়ে নেমে কলিন মানরোর সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে ওয়ানডেতে পঞ্চম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলক। কিন্তু এরপর এক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন মানরো, চাপম্যান, নিকোলাস, ল্যাথাম ও গ্র্যান্ডহোমদের ফেরার মিছিল!

২৪.২ ওভারে ১০৩ রানের মধ্যে ৬ উইকেট জারিয়ে জয়ের রাস্তা থেকে ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ঠিক এখান থেকেই উইলিয়ামসনের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু। স্পিনার স্যান্টনারকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে গড়েছেন ৯৬ রানের জুটি। এতেই পাশার দান উল্টে যায়। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনো বাকি ছিল।

৪৬তম ওভারের দ্বিতীয় উইলিয়ামসনের ক্যাচ ধরতে না পারলেও অপর প্রান্তে স্যান্টনারকে (৪১) রানআউট করেন ইংলিশ পেসার ক্রিস ওকস। হাতে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ড তখন জয় থেকে ২৮ বলে ৩৬ রানের দূরত্বে পিছিয়ে। ঠিক তার ১২ বল পর টিম সাউদিকেও ফিরিয়ে টান টান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকেও ফিরিয়ে আনেন ওকস।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। ৪৯তম ওভারে টম কুরানের প্রথম বলেই বাউন্ডারি মেরে ১১তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। কিন্তু পরের ৫ বল থেকে মাত্র ৩ রান তুলে নিতে পেরেছেন উইলিয়ামসন-সোধি জুটি। অর্থাৎ জেতার জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল নিউজিল্যান্ডের।

ওকসের শেষ ওভারে প্রথম ৩ বল থেকে ৮ রান নেন উইলিয়ামসন। এর মধ্যে তৃতীয় বলে মেরেছেন ছক্কা। কিন্তু পরের ৩ বল থেকে এসেছে মাত্র ২ রান! এর মধ্যে শেষ দুই বলে উইলিয়ামসন কোনো রান নিতে পারেননি! ৮ উইকেটে ২৩০ রানেই থেমে যেতে হয় নিউজিল্যান্ডকে। ৪ রানের এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল এয়ুইন মরগানের দল।

শেষ ওভারে ওকস নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং করেছেন। কিন্তু নায়কোচিত ইনিংস খেলেও দলকে জেতাতে না পারার দুঃখ উইলিয়ামসন ভুলবেন কীভাবে? কিউই অধিনায়কের অপরাজিত ১১২ রানের ইনিংসটা তাই হারেও সমুজ্জ্বল অশ্রুবিন্দু হয়ে থাকবে।