এই হারেও 'ভালো কিছু'র খোঁজে সাকিব

দুঃস্বপ্ন, বাজে পারফরম্যান্স, একটার পর একটা লজ্জার রেকর্ড—অ্যান্টিগা টেস্ট এভাবে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে! আড়াই দিনে শেষ হওয়া টেস্টের দুঃসহ স্মৃতি ভুলতে সাকিবদের পরের গন্তব্য জ্যামাইকা। সিরিজের শেষ টেস্টের আগে হাতে পাওয়া অতিরিক্ত দুই দিন কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক
অ্যান্টিগা টেস্ট আর জ্যামাইকা টেস্টের মাঝে বিরতি ছিল তিন দিন। এর মধ্যে একদিন বরাদ্দ ভ্রমণে। অ্যান্টিগা টেস্ট তিন দিনে (আসলে আড়াই দিনে) শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ পেয়ে গেল পাঁচ-পাঁচটা দিন। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, অ্যান্টিগার তিক্ত অভিজ্ঞতা ভুলতে এই পাঁচটা দিন তাঁদের কাজে আসবে।
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে যে ঝড়টা গেল, সেটি আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। দুঃস্বপ্ন, ভয়াবহ—যেটাই বলুন, প্রথম ইনিংসে ব্যাটিং এতটাই বাজে হলো যে এ দেশের ক্রিকেট ইতিহাসে এটি লেখা থাকবে বাজে এক স্মৃতি হিসেবেই। প্রথম ইনিংসে ৪৩ রানের লজ্জার পর ম্যাচের ফল কী হতে পারে, অনুমান করতে খুব বড় বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু তা-ই বলে দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতোই খেললেন। ফল হলো ইনিংস ও ২১৯ রানের বিশাল হারে।
এমন হারের ব্যাখ্যায় অধিনায়ক সাকিব কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এতটুকুই বললেন, ‘খুব কঠিন ছিল আমাদের জন্য। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন বিভাগেই হেরেছি আমরা। আগামী পাঁচ দিনে নিজেদের তৈরি হতে হবে।’
ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা জানতে চাইলেন, যে পাঁচ দিনের কথা বললেন, এই কদিনে কী নিয়ে কাজ করবে বাংলাদেশ? এ সময়ে স্কিলের আর কী উন্নতি হবে! মানসিকভাবে তৈরি হওয়াটাকেই তাই গুরুত্ব দিচ্ছেন সাকিব, ‘অবশ্যই এই কন্ডিশনে মানিয়ে নেওয়া সহজ নয়, আমরা এ ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত নই। আগামী পাঁচ দিনে মানসিকভাবে তৈরি হওয়া যাবে। এখন এটাই জরুরি। ফিট থাকতে হবে। আর ইতিবাচক ভাবনা ভাবতে হবে।’
অ্যান্টিগায় বাংলাদেশ যা খেলল, এখান থেকে ইতিবাচক ভাবনা ভাবাই তো কঠিন। ইতিবাচক কিছু যদি খুঁজে পাওয়া যায় সেটি অভিষেকে আবু জায়েদের বোলিং আর দ্বিতীয় ইনিংসে নুরুল হাসানের আত্মবিশ্বাসী ব্যাটিং। দলীয় পারফরম্যান্স বাজে হলেও সাকিব ইতিবাচক কিছু বলতে পারলেন এ দুজনকে নিয়ে, ‘নুরুল সত্যি ভালো ব্যাটিং করেছে। যেভাবে সে খেলেছে, তাকে কৃতিত্ব দিতে হবে। আবু জায়েদ যেভাবে খেলেছে, সেটিও দেখার মতো ছিল। সে প্রথম টেস্ট খেলতে নেমেছে, সেটিও আবার বিদেশে। জায়েদ যেভাবে দৃঢ়তা দেখিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে সে।’
বাংলাদেশ দল জ্যামাইকা রওনা দেবে ৯ জুলাই। অ্যান্টিগায় থাকবে আরও দুই দিন। এ দুদিনে ক্যারিবীয় সাগরের অলস সৌন্দর্যেও হয়তো ফিরে ফিরে আসবেন রোচ-গ্যাব্রিয়ালরা! ওয়েস্ট ইন্ডিজের দুই ফাস্ট বোলার যেভাবে নাকানিচুবানি খাইয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের, সেটি ভোলার একমাত্র উপায় জ্যামাইকাতে ভালো কিছু করা। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু ১২ জুলাই।