এই 'ত্রিফলা'য় তাকিয়ে পাকিস্তান

>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপে শুভসূচনা করতে ফখর জামান , ইমাম-উল হক ও বাবর আজমকে আজ ব্যাট হাতে জ্বলে উঠতে হবে।
সাঈদ আনোয়ারের যোগ্য উত্তরসূরি খুঁজতে খুঁজতে হয়রান পাকিস্তান। সালমান বাট, ইমরান নাজির, শারজিল খান...প্রতিশ্রুতি নিয়ে এসে কতজনই তো হারিয়ে গেল কালের গহ্বরে! ২০১৫ বিশ্বকাপেও পাকিস্তান দলের সবচেয়ে দুর্বল দিক ছিল নড়বড়ে টপ অর্ডার। ওই বিশ্বকাপের পর থেকে বিভিন্ন সময়ে তিন তরুণের আবির্ভাব বদলে দিয়েছে পাকিস্তানের টপ অর্ডারের সেই নড়বড়ে চেহারা।
ফখর জামানের মধ্যে কেউ কেউ সাঈদ আনোয়ারের ছায়া খুঁজে পেলেও পেতে পারেন। ভালো করছেন আরেক ওপেনার ইমাম-উল-হক। ব্যাটিং অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তিন নম্বরে নিজেকে ভালোই প্রমাণ করেছেন বাবর আজম। এই তিনজনই পাকিস্তানের ব্যাটিংকে দিয়েছেন স্থিতি। দলের ব্যাটিং-ভরসার নামও তাঁরাই।
বাবর আর ইমামের ধমনিতে তো ক্রিকেটের রক্ত বইছে সেই ছোটবেলা থেকে। ইমাম পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও নির্বাচক ইনজামাম-উল-হকের ভাইয়ের ছেলে। আর বাবরের নামের সঙ্গে জড়িয়ে আকমল ভাইদের নাম। আদনান, উমর ও কামরানদের চাচাতো ভাই তিনি।
তা আকমল ভাইদের চাচাতো ভাই বাবরকে বয়সভিত্তিক দল থেকেই মনে করা হয় পাকিস্তানের ভবিষ্যতের তারকা। ২০১৫ সালে অভিষিক্ত এই তরুণ অবশ্য শুরুতে এসেই মন জয় করে ফেলেননি। তবে অস্থিতিশীল ব্যাটিং অর্ডারের কারণে তাঁর ওপর আস্থা রেখেছিলেন পাকিস্তানি নির্বাচকেরা। হতাশ করেননি বাবর। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে আস্থার প্রতিদান দেন বাবরও। সেই সিরিজে তাঁর রান ১২০ গড়ে ৩৬০। ওয়ানডেতে ৯টি সেঞ্চুরির মালিক বাবর ৬২ ইনিংসে ৫১.৬৭ গড়ে ২৭৩৯ রান করেছেন।
ফখর জামানের গল্পটা একটু ভিন্ন। ঘরোয়ায় নিয়মিত ভালো খেললেও কখনো নির্বাচকদের নজর কাড়তে পারেননি ফখর জামান। চ্যাম্পিয়নস ট্রফির জন্য একজন আক্রমণাত্মক ওপেনার খুঁজছিলেন পাকিস্তানের নির্বাচকেরা। সেই সময়েই পিএসএলে ভালো খেলে নজরে আসেন ফখর। চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইনিংসে ৬৩ গড়ে ২৫২ রান করেন। ফাইনালে ম্যাচজয়ী ১১৪ রানের ইনিংস খেলে দলে জায়গাটা পাকা করে ফেলেন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৫১৫ রান। যেটি ৫ ম্যাচের কোনো সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড। ওই সিরিজে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে উপহার দিয়েছেন ডাবল সেঞ্চুরি। ৩৬ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে সেঞ্চুরি ৪টি। ৫১.৩১ গড়ে করেছেন ১৬৪২।
ফখরের আগ্রাসী ব্যাটিংয়ের পাশে ইনিংস গড়ার মতো একজন ওপেনার দরকার ছিল পাকিস্তানের। সেটি তারা পেয়েছে ইমামের মাঝে। চাচা ইনজামাম তাঁর সময়ে ছিলেন পাকিস্তানের প্রধান ব্যাটিং স্তম্ভ। ইনিংস গড়া বা মেরামতে তাঁর চেয়ে ভালো আর পাকিস্তান দলে কে ছিল তখন! রক্তের সেই ধারাটাই যেন পেয়েছেন ইমাম। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ২৮ ইনিংসে ৬০.৩০ গড়ে ১৩৮৭ রান করা এই তরুণের সেঞ্চুরি ৬টি, ফিফটি ৫টি।
এই অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের তিন তরুণ দারুণ কিছু ব্যাটিং কীর্তিও গড়ে ফেলেছেন। ওয়ানডেতে দ্রুততম ১০০০ রান ফখর জামানের (১৮ ইনিংস)। এই তালিকায় দুইয়ে তাঁর ওপেনিং সঙ্গী ইমাম (১৯ ইনিংস)। আর ভিভ রিচার্ডস, পিটারসেন, ডি কক ও জোনাথন ট্রটের সঙ্গে যৌথভাবে তিনে রয়েছেন বাবর আজম (২১ ইনিংস)। কমপক্ষে ১০০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সেড়া গড়ের তালিকায়ও প্রথম সাতজনের মধ্যে আছেন এই তিন পাকিস্তানি ব্যাটসম্যান। যেই ইংল্যান্ডে এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, সেখানেও তাঁদের রেকর্ড অসাধারণ। সম্মিলিতভাবে এই তিনজন ইংল্যান্ডের মাটিতে ২৮ ইনিংসে ৫০.৭৫ গড়ে করেছেন ১২১৮ রান।
শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজদের মতো অভিজ্ঞরা থাকলেও তাই নিঃসন্দেহে পাকিস্তানের ব্যাটিংয়ের নেতৃত্ব থাকবে এই তিন তরুণের কাঁধেই।