এই 'স্টেইন' ফাস্ট বোলার নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। তিনিও স্টেইন। তবে ডেল স্টেইন নন, আন্দ্রেই স্টেইন l সৌজন্য ছবি
তিনিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। তিনিও স্টেইন। তবে ডেল স্টেইন নন, আন্দ্রেই স্টেইন l সৌজন্য ছবি

ওয়ার্ম আপ করতে তিনিই সবার আগে ড্রেসিংরুম থেকে বেরোলেন। ফুটবল নিয়ে এক সতীর্থের সঙ্গে খানিকক্ষণ কারিকুরি করলেন। তাঁর সতীর্থ ফুটবলে এমন আনকোরা, যা দেখে খলবলিয়ে হেসে উঠলেন আন্দ্রেই স্টেইন। টানা দুই ফিফটির পর গত পরশু শূন্য রানে ফিরেছেন, দলও হেরেছে; কিন্তু পরদিন স্টেইনের চোখেমুখে সেটির ছাপ থাকলে তো! বরং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাঁর অভিব্যক্তিতে।
আচ্ছা, আপনি কি ডেল স্টেইনের আত্মীয়? কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে দুই দিন আগে স্টেইনকে যখন প্রশ্নটা করা হয়েছিল, তিনি হেসেই বাঁচেন না, ‘না, তা নয়। দক্ষিণ আফ্রিকায় ‘‘স্টেইন’’ পদবির অনেক পরিবার আছে।’
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের স্টেইন বলতে সবার আগে ডেল স্টেইনের আগ্রাসী চেহারাটাই চোখে ভাসে—গতির ঝড় তুলে যিনি কাঁপিয়ে দেন ব্যাটসম্যানদের; যাঁর বোলিং তোপে (পড়ুন স্টেইন-গানে) ‘ঝাঁঝরা’ হয়ে যায় প্রতিপক্ষ! কিন্তু প্রোটিয়াদের আরেকজন স্টেইন আছেন। বোলিংয়ে নয়, তিনি দ্যুতি ছড়ান ব্যাট হাতে। এই স্টেইন ব্যাটার—দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং-ভরসা। প্রোটিয়া ফাস্ট বোলারের সঙ্গে তাঁর মিল শুধু নামেই।
ডেল স্টেইন এসেছেন ট্রান্সভাল প্রদেশের ফালাবোরওয়া থেকে আর আন্দ্রেই স্টেইনের ঠিকানা নাটালের ডারবান। এই প্রদেশ থেকে উঠে আসা দক্ষিণ আফ্রিকার একজন তারকা খেলোয়াড়ের নাম বলুন তো? ‘কেভিন পিটারসেন। তিনি অবশ্য খেলেছেন ইংল্যান্ডের হয়ে’—আন্দ্রেইর উত্তর শুনে খানিকটা অবাক হতে হয়। কদিন আগে যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি পেলেন, তাঁর নামটাই বললেন না! ২০ বছর বয়সী প্রোটিয়া ব্যাটারের মুখে লাজুক হাসি, ‘ওহ হো, হাশিম আমলা! ডেভিড মিলারও কিন্তু নাটালের।’
দুই প্রোটিয়া তারকার সঙ্গে আন্দ্রেইর একবারই দেখা-কথা হয়েছে, বাংলাদেশে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে। তবে আমলা, মিলার বা পিটারসেন কেউ তাঁর প্রিয় ব্যাটসম্যান নন। তাঁর প্রিয় এবি ডি ভিলিয়ার্স। ‘সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান বললে সেটি এবি ডি ভিলিয়ার্স। তবে হাশিমের কাভার ড্রাইভগুলো অসাধারণ লাগে। আর প্রিয় বোলার? অবশ্যই ডেল স্টেইন।’ বলেই হাসি।
দক্ষিণ আফ্রিকার দুই স্টেইনের যে খুব খাতির, তা নয়। খুব একটা দেখা-সাক্ষাৎই যে হয়নি দুজনের। ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ‘স্টেইন’-এর সঙ্গে একবারই দেখা হয়েছে বলে জানালেন আন্দ্রেই, ‘নিউল্যান্ডসে তিনি একবার তহবিল গড়ার কাজে এসেছিলেন। তখন তাঁর সঙ্গে দেখা হয়েছিল।’
চাচাতো ভাইয়েরা ক্রিকেট খেলতেন। তাঁদের সঙ্গে খেলতেন আন্দ্রেইও। আস্তে আস্তে মজে যান ক্রিকেটের প্রেমে। খেলাটা নাকি তাঁর রক্তেই মিশে গিয়েছে। স্কুলে ছেলেদের সঙ্গে খেলতে খেলতে প্রদেশের অনূর্ধ্ব-১৩ দলে সুযোগ পাওয়া। পরে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯—বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিটি ধাপ পেরিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বরে পা রেখেছেন আন্তর্জাতিক আঙিনায়।
আন্দ্রেইর স্বপ্নের পরিধি বড় হচ্ছে ক্রমেই। ১৫টি ওয়ানডে খেলেছেন, ৫টি টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকা দলে তো নিয়মিত হতে চানই, হতে চান বিশ্বের সেরা ব্যাটার। এই স্বপ্ন সত্যি হলে স্টেইন বলতে শুধু বোলার নন, চোখে ভাসবে একজন ব্যাটারের ছবিও!