এইচপিতে মহা কর্মযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিরেক্টর অব কোচিং হিসেবে ইংল্যান্ডের পল টেরি আগেই যোগ দিয়েছেন। কাল ঘোষণা করা হলো বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের নামও—ম্যাল লয়। ল্যাঙ্কাশায়ারের সাবেক ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে ৭টি ওয়ানডে খেললেও সাফল্য পেয়েছেন মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে। ২৬৪ ম্যাচে ১৫৩২৯ রান, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৩২২।
টেরি ও লয় দুজনকেই দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে তাঁরা কাজ করবেন দিন হিসাবে। টেরিকে এইচপি ইউনিট বছরে পাবে ১০০ থেকে ১২০ দিন, লয়কে ১২০ থেকে ১৮০ দিন। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে হাইপারফরম্যান্স স্কোয়াডের খেলোয়াড়দের নাম ঘোষণার সঙ্গে এসবও জানালেন এইচপি ইউনিটের প্রধান ও বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম। আর পল টেরি ধারণা দিলেন তাঁর আর ম্যাল লয়ের কার্যপরিধি সম্পর্কে, ‘এই কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব লয়ের। আমার কাজ হবে তাঁকে সাহায্য করা ও পরিকল্পনাতেও ভূমিকা রাখা। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্থানীয় কোচরা। তাঁদের সঙ্গে নিয়েই আমাদের কাজ করতে হবে।’
স্থানীয় কোচদের মধ্যে ফাস্ট বোলিং, স্পিন, ব্যাটিং ও ফিল্ডিং এবং উইকেটকিপিং ক্যাম্পের দায়িত্বে থাকবেন সরওয়ার ইমরান, ওয়াহিদুল গণি, জাফরুল এহসান ও গোলাম মোর্তজা। এ ছাড়া বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক। সময়ে সময়ে পরামর্শক হিসেবে আনা হবে বিদেশি বিশেষজ্ঞদেরও। এইচপি ইউনিটের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বছরে প্রায় ৮ কোটি টাকার মতো।
একটি সূত্রে জানা গেছে, জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও এইচপির কোচিং প্যানেলে চেয়েছিল বিসিবি। কিন্তু মালয়েশিয়ায় বর্তমান কর্মস্থলে সালাউদ্দিনের চুক্তি শেষ হতে আরও চার-পাঁচ মাস বাকি। তাই সাড়া দিতে পারেননি বিসিবির ডাকে।
জাতীয় পর্যায়ের শীর্ষ ২০ ক্রিকেটার এইচপির সুবিধা নিতে পারবেন সারা বছর। তবে ১৬-২০ জন (এবার যদিও সংখ্যাটা ২২) খেলোয়াড়কে নিয়ে এইচপি স্কোয়াডের কার্যক্রম চলবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া এলিট প্রোগ্রামের আওতায় আলাদাভাবে হবে ফাস্ট বোলিং, ব্যাটিং, স্পিন, ফিল্ডিং ও উইকেটকিপিং ক্যাম্প। এসব ক্যাম্প যে সব সময় টানা চলবে, তা নয়।
সংবাদ সম্মেলনে এইচপির মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন প্রজেক্টরে দেখিয়েছেন এইচপির নানা দিক ও এর উদ্দেশ্য। সাতটি কার্যক্রমের আওতায় বছরে মোট ৩০ থেকে ৫০ জন খেলোয়াড় এইচপিতে অনুশীলনের সুবিধা পাবেন। এবার এইচপি স্কোয়াড ছাড়াও যেমন আছে ১৮ সদস্যের ফাস্ট বোলিং স্কোয়াড, ১০ সদস্যের স্পিন বোলিং স্কোয়াড, ২০ সদস্যের ব্যাটিং স্কোয়াড ও ৭ সদস্যের উইকেটকিপিং স্কোয়াড। এঁদের মধ্যে কেউ কেউ আবার একাধিক স্কোয়াডে আছেন।
বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড
রনি তালুকদার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, তাসামুল হক, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইবুর রহমান পারভেজ, জুবায়ের হোসেন, সাকলাইন সজীব, নিহাদ-উজ-জামান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী, শুভাশিস রায়, মেহেদী হাসান, কামরুল ইসলাম, দেওয়ান সাব্বির আহমেদ, কাজী নুরুল হাসান, জাবিদ হোসেন ও ইরফান শুক্কুর।