এইচপির প্রধান কোচ হেলমট
মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে—বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় অনেক বড় বড় নামই শোনা যাচ্ছিল। তবে তাঁরা কেউ নন, শেষ পর্যন্ত এইচপির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাইমন হেলমটকে।
কাল সকালে বিমানবন্দরে নেমে হেলমট সরাসরি চলে আসেন বিসিবি কার্যালয়ে। অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এই অস্ট্রেলিয়ান কোচ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বর্তমান প্রধান কোচ হেলমট ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচের দায়িত্বে। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে কাজ করছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে।
এইচপির কার্যক্রম শুরু হওয়ার কথা আগামী ২৭ জুন। তবে মূল ক্যাম্প শুরু হবে ঈদের পর, ১০ জুলাই থেকে। শেষ হবে ১০ অক্টোবর। আপাতত ১৪ সপ্তাহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে হেলমটকে। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী কাল জানালেন, তাঁকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাই, ‘আপাতত এ বছরের ক্যাম্পের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। পারফরম্যান্সের ভিত্তিতে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হতে পারে।’
হেলমটের সহকারী হিসেবে থাকছেন স্থানীয় কোচ মিজানুর রহমান, গোলাম মর্তুজা, সোহেল ইসলাম ও জাফরুল এহসান। একটি সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ছাড়লে এইচপির কোচিং প্যানেলে যোগ হতে পারেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
হাইপারফরম্যান্স স্কোয়াডের খেলোয়াড়দের প্রাথমিক তালিকা প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তের যাচাই-বাছাই শেষে দু-এক দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে খেলোয়াড়দের নাম। এবারও ২৫-২৬ জন খেলোয়াড় থাকতে পারেন স্কোয়াডে।