এইচপির বোলারদের পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। কাল নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশও কম গেল না। মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৬ রান করে ফেলেছে তারাও।

ব্যাটিংয়ে এইচপির ইরফান শুক্কুর সেঞ্চুরি (১০৪*) করেছেন, মেহেদী মারুফ খেলেছেন ৮৭ রানের ইনিংস। নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচে আজ হবে বোলারদের পরীক্ষা। কাল সারা দিনে প্রতিপক্ষের মাত্র তিনটি উইকেট ফেলার পর স্বাগতিকদের আজ অলআউট করতে পারবে বাংলাদেশের দলটি?

নর্দার্ন টেরিটরি দলের ইনিংসটা বড় হয়েছে জ্যাকব ডিকম্যানের সেঞ্চুরি (১০২*) ও ওপেনার রায়ান হ্যাকনির ৯৭ রানের সৌজন্যে। ৮৪ রানের উদ্বোধনী জুটির পর ১১৩ রানে পড়েছে দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেট জুটিতে এই দুজন যোগ করেছেন ১০৫ রান। লেগ স্পিনার তানভীর হায়দারের বলে এলবিডব্লু হয়ে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন হ্যাকনি। ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে তানভীরের উইকেট দুটি। অন্য উইকেটটি নিয়েছেন নিহাদুজ্জামান।

বিসিবি এইচপি ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১২/৬ ডি. (ইরফান ১০৪*, মারুফ ৮৭, ইয়াসির ২৭, সাইফউদ্দিন ২৬; বিঙ্কস ৩/৪৭, গ্রেগরি ২/৩০)। নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৬/৩ (ডিকম্যান ১০২*, হ্যাকনি ৯৭, ডোয়েল ৪৬*, ম্যাকসুইনি ৪০; তানভীর ২/২৯, নিহাদুজ্জামান ১/৩২)।