এইচপির বোলিং কোচ চম্পকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে আসছেন চম্পকা রমানায়েকে l ফাইল ছবি
ফিরে আসছেন চম্পকা রমানায়েকে l ফাইল ছবি

একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমির পেস বোলিং কোচ ছিলেন। এরপর ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও। সেই চম্পকা রমানায়েকে আবারও ফিরছেন বাংলাদেশে। একটি সূত্র কাল নিশ্চিত করেছে, দুই বছরের জন্য বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার।

চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবিকে অনুরোধ করা হয়েছিল, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যেন চম্পকাকে আবারও কোনোভাবে সম্পৃক্ত করা হয়। কিন্তু কোর্টনি ওয়ালশ বোলিং কোচ থাকা অবস্থায় জাতীয় দলে সেটি সম্ভব নয়। সে জন্যই চম্পকা আসছেন এইচপির পেসারদের দায়িত্ব নিয়ে। এই পদে থেকে প্রয়োজনে জাতীয় দলের পেসারদেরও সাহায্য করতে পারবেন তিনি।

বিসিবির সঙ্গে কথা পাকা হওয়াতেই শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন চম্পকা। ভারত সিরিজের জন্য তাঁর জায়গায় চামিন্ডা ভাসকে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কার সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল চম্পকার। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বললেও সংবাদমাধ্যমকে হাতে বেশ কয়েকটি প্রস্তাব থাকার কথা জানিয়েছেন সাবেক শ্রীলঙ্কান পেসার।

শেষ পর্যন্ত তিনি যে বাংলাদেশের প্রস্তাবটাই বেছে নিচ্ছেন, কাল তা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানও, ‘চম্পকা রমানায়েকে আসছেন, এটা নিশ্চিত। তবে তাঁকে কোথায় কাজে লাগানো হবে, তা এখনো নিশ্চিত নয়। তাঁকে তরুণ প্রতিভাদের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে।’

ব্যাটিং পরামর্শক হিসেবে থাকা আরেক শ্রীলঙ্কান থিলান সামারাবীরার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বিসিবি। তাঁর জায়গায় খোঁজা হচ্ছে নতুন কাউকে। সম্ভাব্য হিসেবে শোনা যাচ্ছে ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা অস্ট্রেলীয় ব্যাটসম্যান মার্ক ও’নিলের নাম। আকরাম অবশ্য কোচের নাম উল্লেখ না করে বলেছেন, ‘একজন অস্ট্রেলিয়ানই হয়তো আসছেন। তিনি আগে বাংলাদেশে আসবেন, বিসিবি তাঁর সঙ্গে কথা বলবে। তারপরই হয়তো চুক্তি হবে। চুক্তি হলে তিনি মূলত নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন।’