এইবার ধোনিকে চিনবে তাঁর মেয়ে!

আন্তর্জাতিক ক্রিকেটারদের এ-ই তো জীবন। হোটেলে হোটেলে কাটে। আসল বাড়ি, সংসারে যেন তাঁরা অতিথি। ক্রিকেটে এ কারণে একটা শব্দবন্দই আছে, ‘ক্রিকেট উইডো’। ক্রিকেটারদের স্ত্রীর জীবন তো একরকম বৈধব্যের জীবনই! মহেন্দ্র সিং ধোনির শঙ্কা, তাঁর মেয়ে ঠিকমতো বাবাকেই চেনে না। চিনবে কী করে, বাবা তার সঙ্গে যতটা খেলা করেন, এর বেশি খেলেন মাঠেই!
সামনে ভারতের টেস্ট সূচির ব্যস্ততা। রঙিন পোশাকে ভারত খেলবে খুবই কম। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজটা পার হলে অক্টোবরের আগে খেলাই নেই। অনেক বছর পর লম্বা ছুটি পেতে যাচ্ছেন টেস্ট থেকে অবসর নেওয়া ধোনি। এর একটা ভালো দিকও দেখতে পাচ্ছেন ভারতের রঙিন পোশাকের অধিনায়ক, ‘অনেক দিন পর আমি এত ছুটি কাটাব। আমার তো মনে হয় আমার মেয়ে এখনো আমাকে ঠিকমতো চেনেই না। আমি ওকে বোঝাব, আমিই ওর বাবা। বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাব।’ রসিকতার সুরে বলা হলেও ধোনির কণ্ঠে ক্রিকেটারদের ব্যস্ত জীবনের এই তো এক করুণ বাস্তবতা। আর এখন তো মাঠের বাইরেও ক্রিকেটারদের অনেক রকম ব্যবস্থা। অধিনায়কের আছে বাড়তি দায়িত্ব। পাশাপাশি বিভিন্ন পণ্যের হয়ে দূতিয়ালিও করতে হয়।
ধোনির মেয়েও বড় হচ্ছে। জিভার বয়স এখন ১৫ মাস। বাবার আদর বোঝার বয়স তো অবশ্যই।
জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করা ভারত এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৮, ২০ ও ২২ জুন হবে ম্যাচ তিনটি। আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। প্রায় চার মাসের মতো ছুটি পাবেন ধোনি।