জনসংখ্যা ২ কোটি, ১২ লাখই ক্রিকেটার!

একটি খেলা কখন তুমুল জনপ্রিয় হয়? সোজাসাপ্টা উত্তর—সাফল্য পেলে। ক্রিকেটে বহু সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম বিশ্বকাপ জিতেছে, পাঁচ মাসও হয়নি। তবে এ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটে অস্ট্রেলীয়দের আগ্রহী বেড়েছে উল্লেখযোগ্য হারে। রাগবি-ফুটবলও যথেষ্ট জনপ্রিয় অস্ট্রেলিয়ায়। তবে জনপ্রিয়তার নিক্তিতে এখন এগিয়ে ক্রিকেটই।
গবেষণা বলছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় ক্রিকেটারের সংখ্যা ১২ লাখ। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ১৫ লাখ। অর্থাৎ অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সাড়ে পাঁচ শতাংশই ক্রিকেটার!
রাগবি লিগ, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, ক্রিকেট—অস্ট্রেলিয়ার জনপ্রিয় খেলাগুলোর ওপর স্বাধীনভাবে শুমারি চালিয়েছেন গবেষক স্ট্রিট রায়ান। দেখা গেছে, ২০১৪-এর জুনের পর ক্রিকেটে মানুষের অংশগ্রহণ বেড়েছে নয় শতাংশ। স্কুলের শিক্ষার্থী ও মেয়েদের মধ্যে ক্রিকেটে অংশগ্রহণের হার তুলনামূলক বেশি। ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণের হার বেড়েছে ১৮ শতাংশ, অংশগ্রহণকারীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯০ হাজার ৫৬৬-এ। অস্ট্রেলিয়ায় এখন প্রায় প্রতি চার খেলোয়াড়ের একজন মেয়ে। আদিবাসী ও মিশ্র সংস্কৃতির মানুষের অংশগ্রহণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আদিবাসী ক্রিকেটারের সংখ্যা ২৬ হাজার ৪২৭ ও মিশ্র সংস্কৃতি ১ লাখ ৪৬ হাজার ৬৫৮।
সাম্প্রতিক জোয়ারটা ধরে রেখেছে ক্লাব ও কমিউনিটি ক্রিকেটও। এ মুহূর্তে পুরো অস্ট্রেলিয়ায় দল রয়েছে প্রায় ২৫ হাজার। দলগুলোর প্রাথমিক পর্যায়ে নিবন্ধনকৃত কার্যক্রমের সংখ্যা এক হাজার ৬০৫ আর মোট খেলোয়াড়ের সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ১০৪।
প্রথাগত ১১জনের দলের ক্লাব ক্রিকেটে রয়েছে ২৩ হাজার দল। এ পরিসংখ্যানে যোগ হয়েছে নতুন ৯০টি মেয়েদের দল। এখানে মোট খেলোয়াড়ের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৫৩। তবে সবচেয়ে বেশি ক্রিকেটার স্কুল ক্রিকেটে। বর্তমানে খুদে ক্রিকেটারের সংখ্যা মোট ৬ লাখ ২৮ হাজার ৮২৬। গত বছরের তুলনায় বেড়েছে ১৫ শতাংশ।
ওপরের পরিসংখ্যানগুলো নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য বিরাট সুখবর। লাখ লাখ এ ক্রিকেটারের মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের ক্লার্ক-স্মিথরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের কণ্ঠে তাই ভর করেছে সন্তুষ্টি, ‘সামগ্রিকভাবে নয় শতাংশ বৃদ্ধি ও মোট ১২ লাখ অস্ট্রেলিয়ান এখন ক্রিকেট খেলছে। এমন পরিসংখ্যানে আমরা সন্তুষ্ট। অন্যান্য সবকিছুর মধ্যে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রিকেট। ছেলে-মেয়ে, শিশু নানা ক্ষেত্রের মানুষের সক্রিয় জীবনধারা ও সুস্থ থাকতে সহায়তা করছে ক্রিকেট।’ তথ্যসূত্র: এনডিটিভি।