এক ইনিংস-এক সেঞ্চুরির গানটৌমি আর নেই

অভিষেকেই শেষ। এমন ক্রিকেটার টেস্ট ক্রিকেট কম দেখেনি। বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়াই যেন এঁদের নিয়তি। কয়েক শ ক্রিকেটারের এই দলেই আছেন অ্যান্ডি গানটৌমি। তবে একটা জায়গায় তিনি ব্যতিক্রম। টেস্ট ক্যারিয়ারের একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেও আর সুযোগ মেলেনি—এই কারণেই ক্রিকেট ইতিহাস মনে রেখেছে তাঁকে। সেই গানটৌমি পরশু ৯৫ বছর ২৬ দিন বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ত্রিনিদাদের সেন্ট অগাস্টিনে মৃত্যু হলো তাঁর ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে।
১৯৪৮ সালে জন্মভূমি ত্রিনিদাদের পোর্ট অব স্পেনেই ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ওপেনার জেফ স্টলমেয়ারের চোট সুযোগ করে দিয়েছিল এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। জর্জ ক্যারুর সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ১৭৩ রান। গানটৌমি আউট হয়েছিলেন ১১২ রান করে। কিন্তু পরিস্থিতির সঙ্গে বেমানান মন্থর গতিতে ব্যাটিং করেছেন, এই অজুহাতে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করার সুযোগই হলো না গানটৌমির। সুযোগ হয়নি আর কখনোই। পরে ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ইংল্যান্ড সফর করলেও একটি টেস্টেও সুযোগ পাননি।
গানটৌমি অবশ্য বরাবরই দাবি করে এসেছেন, মন্থর ব্যাটিং নয়, তিনি বাদ পেড়েছেন বিপ্লবী চিন্তাচেতনার কারণেই। ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন ক্রিকেট কর্তাদের সঙ্গে বিরোধই একটির বেশি টেস্ট খেলতে দেয়নি তাঁকে। তবে এই দুর্ভাগ্যই বিখ্যাত করেছে গানটৌমিকে। টেস্ট ইতিহাসে মাত্র দুজন খেলোয়াড়ের এক টেস্ট-এক সেঞ্চুরির কীর্তি আছে। দ্বিতীয়জন নিউজিল্যান্ডের রডনি রেডমন্ড। রেডমন্ড অবশ্য ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন।
একমাত্র ইনিংসে ১১২। টেস্টে একমাত্র গানটৌমির ব্যাটিং গড়ই ১০০ ছাড়ানো। এই রেকর্ডটা নিয়েই পরপারে পাড়ি জমালেন গানটৌমি। তথ্যসূত্র: ক্রিকইনফো।