এক ইনিংসে বাংলাদেশ ভাঙল যত রেকর্ড

বাংলাদেশ আজ ভেঙেছে অনেক রেকর্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৩১৪ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ও তামিম ইকবালের গড়ে দেওয়া ভিত্তি কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তাঁদের বিদায়ের পর লেট অর্ডারের ছোট ছোট কার্যকর ইনিংস বাংলাদেশকে বড় এক সংগ্রহ দিয়েছে। আর তাতেই হয়েছে দারুণ সব রেকর্ড।

সর্বোচ্চ

৩১৪/৭, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৭ সালে কিম্বার্লিতে ২৭৮ রান করেছিল সফরকারীরা। সে ম্যাচে অবশ্য কুইন্টন ডি কক ও হাশিম আমলার শতকে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

প্রথম

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে এই প্রথম উদ্বোধনী জুটি বাংলাদেশকে পঞ্চাশোর্ধ্ব রান এনে দিয়েছে। আজ তামিম ইকবাল ও লিটন দাস ৯৫ রান করেছেন প্রথম উইকেট জুটিতে। আগের ৯ ওয়ানডেতে সর্বোচ্চ ৪৬ রান করেছিল বাংলাদেশ।

সাকিব আজ ভেঙেছেন বেশ কিছু রেকর্ড
ছবি: এএফপি

দ্বিতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দ্বিতীয়বারের মতো তিন শ পেরিয়েছে বাংলাদেশ। প্রথম ঘটনাটিও দুই দলের সর্বশেষ দেখায়। ২০১৯ বিশ্বকাপে ওভালে ৩৩০ রান করে ২১ রানের জয় পেয়েছিলেন সাকিবরা।

৩

আজ অর্ধশতকের দেখা পাওয়া বাংলাদেশি ব্যাটসম্যানের সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে বা ঘরের বাইরে কোনো ম্যাচেই এক ইনিংসে দুইয়ের বেশি ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পাননি। এর আগে ছয় ইনিংসে দুজন ব্যাটসম্যানকে পঞ্চাশ করতে দেখা গেছে।

পঞ্চম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১তম ওয়ানডেতে পঞ্চম শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেট জুটিতেই এই প্রথম শতরান পেয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ জুটি গড়েছেন সাকিব-ইয়াসির
ছবি: এএফপি

৬

সেঞ্চুরিয়নে আগে ব্যাট করে প্রতিপক্ষ দলের ৩০০ রান তোলার ষষ্ঠ ঘটনা এটি। পাকিস্তান ও ইংল্যান্ড এ কাজ করেছে দুবার।

৮.৫১

মাত্র ৮১ বলে ১১৫ রানে বাংলাদেশ দারুণ অবস্থান এনে দেওয়া সাকিব-ইয়াসির জুটির আজকের রানরেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব কোনো জুটির ক্ষেত্রে এর চেয়ে দ্রুত রান তুলতে দেখা গেছে মাত্র দুবার। ২০০৭ সালে বিশ্বকাপের সেই বিখ্যাত ম্যাচে সপ্তম উইকেটে ৫.১ ওভারের জুটিতে ৫৪ রান এনেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল।

৫০

ওয়ানডেতে আজ নিজের পঞ্চাশতম পঞ্চাশ পেয়েছেন সাকিব। বাংলাদেশিদের মধ্যে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫০টি অর্ধশতক পেয়েছেন সাকিব। এ কীর্তিতে প্রথম তামিম ইকবাল।

আজ আগ্রাসণ দেখিয়েছেন সাকিব
ছবি: এএফপি

১১৫

চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান ও ইয়াসির আলীর তোলা রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে এখন এটাই রেকর্ড জুটি। এর আগে চতুর্থ উইকেটে মাত্র একবারই পঞ্চাশের বেশি রান করেছিল বাংলাদেশ। ২০১৭ সালে কিম্বার্লিতে ৬৯ রান এনে দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

১২০.৩১

আজ সাকিব আল হাসানের স্ট্রাইক রেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে সাকিবের ইনিংসই সবচেয়ে দ্রুতগতির। ২০১৫ সালে চট্টগ্রামে সৌম্য সরকারের করা ৭৫ বলে ৯০ রানের ইনিংসটি আজ দুইয়ে নেমে গেছে।