এক ঘণ্টায় দুই হ্যাটট্রিক, ১১২ বছরে প্রথম!

• এক দিনে এই প্রথম হ্যাটট্রিক নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট
• হ্যাটট্রিক করেছেন ওয়েলিংটনের ফন বিক ও অকল্যান্ডের ম্যাকেওয়ান
• দুজনেই একসময় কেন্টারবুরির পক্ষে খেলতেন
• প্রথমে হ্যাটট্রিক করেন ফন বিক, এর ঘণ্টাখানেকের মধ্যেই ম্যাকেওয়ান
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। খেলাটিতে কখন যে কী হয়, সেটা কারও পক্ষেই ঠাহর করা সম্ভব নয়। এই যেমন নিউজিল্যান্ডে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দেশটির দুই প্রান্তে হয়ে গেল দুটি হ্যাটট্রিক! নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে (প্লাংকেট শিল্ড) ১১২ বছরের ইতিহাসে এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি।
ঘটনার এখানেই শেষ নয়। যে দুজন হ্যাটট্রিক করেছেন, তাঁরা দুজনই নাকি খুব ভালো বন্ধু; স্কুলে পড়েছেন একসঙ্গে। আরও আছে, ওয়েলিংটনের লগান ফক বিক ও অকল্যান্ডের ম্যাট ম্যাকেওয়ান—দুজনেই একসময় খেলতেন কেন্টারবুরির হয়ে।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রথমে হ্যাটট্রিক পূরণ করেন ফন বিক। এটি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০তম হ্যাটট্রিক। ক্রাইস্টচার্চে তিনি কেন্টারবুরির বিপক্ষে তাঁদের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাকেওয়ানের হ্যাটট্রিকটি অকল্যান্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে। এই হ্যাটট্রিকটিও দুই ওভার মিলে করেছেন ম্যাকেওয়ান। ফন বিকের হ্যাটট্রিকটি পূরণ হওয়ার এক ঘণ্টার মধ্যেই নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ৪১তম হ্যাটট্রিকটি হয়ে যায়।