এক ছক্কায় দুই - সেঞ্চুরি আর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ছক্কা মেরে দলকে শুধু জেতাননি, সেঞ্চুরিও পেয়েছেন ম্যাক্সওয়েল। ছবি: এএফপি
ছক্কা মেরে দলকে শুধু জেতাননি, সেঞ্চুরিও পেয়েছেন ম্যাক্সওয়েল। ছবি: এএফপি
• ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
• ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

ট্রান্স তাসমানিয়ান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৫ রান তুলেছিল ইংল্যান্ড। তখন কে ভেবেছিল, মাঝারি মানের এ স্কোর তাড়া করতে নেমে কেউ সেঞ্চুরি করবেন! গ্লেন ম্যাক্সওয়েল একাই ৫৮ বলে ১০৩ করলেন। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াও জিতল ৫ উইকেটে।

অথচ দলীয় ৪ রানের মধ্যে দুই টপ অর্ডারকে হারিয়ে হারের শঙ্কায় ছিল অস্ট্রেলিয়াই। ডেভিড ওয়ার্নার (৪) ও ক্রিস লিনকে (০) তুলে নেন ইংলিশ পেসার ডেভিড উইলি। এ জন্য ম্যাক্সওয়েল হয়তো উইলিকে বিশাল ধন্যবাদই দেবেন! দল ভালো শুরু পেয়ে গেলে তিনি হয়তো টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটাই পেতেন না।

শুরুর ধাক্কা পাল্টা আঘাত দিয়েই সামলেছেন ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে ডি’আর্চি শর্টের সঙ্গে ৪৮ বলে ৭৮ রানের জুটি গড়েন। এরপর সেঞ্চুরিও তুলে নিয়েছেন দারুণ নাটকীয়তায়। ১৮.৩ ওভারে জয় থেকে মাত্র ১ রানের দূরত্বে ছিল অস্ট্রেলিয়ার। সেঞ্চুরি পেতে ম্যাক্সওয়েলের দরকার ছিল ৩ রান। এ অবস্থায় মার্ক উডকে লেগ সাইড দিয়ে ছক্কা মেরে জয়ের সঙ্গে ম্যাক্সওয়েল তুলে নেন সেঞ্চুরিও। ত্রিদেশীয় সিরিজে এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি এখন ম্যাক্সওয়েলের। তবে তাঁর এ ইনিংসে রয়েছে সৌভাগ্যের ছোঁয়াও। জয় থেকে ৫৩ রান দূরে থাকতে আদিল রশিদকে তুলে মেরেছিলেন ম্যাক্সওয়েল। লং অফ অঞ্চলে জ্যাসন রয় ক্যাচটি তালুবন্দি করলেও সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে ‘জীবন’ উপহার দেন ম্যাক্সওয়েলকে। সুযোগটা তিনি কী দারুণভাবেই না কাজে লাগালেন!

ম্যাক্সওয়েল কিন্তু ব্যাটিংয়ে নামার আগেও দ্যুতি ছড়িয়েছেন। ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের হয়ে ফিফটি তুলে নিতে পেরেছেন শুধু ডেভিড মালান। ইংলিশদের ইনিংস বেশি দূর এগোতে না পারার পেছনেও রয়েছে ‘ম্যাক্সি’র অবদান। মাত্র ২ ওভার বোলিং করে ১০ রানে তাঁর শিকার ৩ উইকেট!