এক টিকিটে দুই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল তামিমই আশা দেখাচ্ছিলেন। কিন্তু তামিম ফিরতেই সেই পুরোনো চক্করেই পড়েছে দল। ছবি: এএফপি
কাল তামিমই আশা দেখাচ্ছিলেন। কিন্তু তামিম ফিরতেই সেই পুরোনো চক্করেই পড়েছে দল। ছবি: এএফপি
>‘এক টিকিটে দুই ছবি’—নব্বই দশকের স্মৃতি আনা এক বাক্য। কাল বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়ায় জোড়ায় ড্রেসিংরুমে ফেরা কিন্তু একযাত্রায় দ্বিগুণ লাভের কথাই মনে করিয়ে দিয়েছে

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের গত ১০টা দিন ভীষণ ‘নস্টালজিক’। বিশেষ করে নব্বই দশকের শুরুতে গ্রামের শৈশবে যাঁরা ক্রিকেট খেলেছেন। সেই যে নারকেলের ডাল কেটে বানানো ব্যাটকে হাঁটুর আড়াআড়ি রেখে দাঁড়ানো। বল আসা মাত্রই হয় হাঁকাও নয় ঠেকাও, তবুও ফাঁকিতে পরলেন! সে সব দিনগুলোর দিকে ফিরে তাকানোর পথটা তৈরি করে দিয়েছে বাংলাদেশ জাতীয় দল।

ব্যাটে লাগলে আকাশ ঘুরে ফিল্ডারের তালুবন্দী, আর ব্যাটে না লাগলে তো কথাই নেই। ব্যাটিংয়ের সেই নাজুক দিনগুলোই ক্যারিবীয় চিত্রপটে আঁকছেন সাকিব-মুমিনুলরা। সেই অঙ্কনে কী দলীয় সংহতি, কী মিল—জোড়ায় জোড়ায় করি কাজ হারি-জিতি নাহি লাজ। এই জোড়া প্রসঙ্গে কিন্তু আবারও উঠে আসবে নব্বই দশকের স্মৃতি।

তখন সিনেমা হলগুলোর রমরমা ব্যবসা। এলাকা বিভেদে সকাল কিংবা বিকেলে একটি ‘বিশেষ’ শো-র ব্যবস্থা ছিল। মাইকিংয়ে সেই বিশেষ শো-কে বলা হতো—‘এক টিকিটে দুই ছবি’। কী ধরনের সিনেমা দেখানো হতো সে প্রসঙ্গ না তোলাই ভালো, তবে একটা ‘হরর’ সিনেমা থাকতই। মানুষ ভয় পেতে ভালোবাসে, সিনেমা হল মালিকেরা তা জানতেন। তাঁরা শুধু একা নন, কীভাবে ভয় দেখাতে হয় সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরাও জানেন।

সকালে অফিস আছে, এই চিন্তা শিকেয় তুলে যাঁরা রাত জেগে খেলা দেখছেন তাঁরাই বর্তমানের হরর ছবির দর্শক। খেলা? বলা ভালো, একটি সিনেমা হলের দিনের সারমর্ম। দিনের প্রথম শো ছিল বড্ড ‘রোমান্টিক’—কিংস্টনের সবুজ পর্দায় ৫৯ রানের মধ্যেই ক্যারিবীয়দের ৬ উইকেট পরেছে। সেই দৃশ্য এত মধুর, এত ভালোবাসাময় যে সমর্থকেরা টিভি সেটের সামনে বসেই মিরাজদের হয়তো বলেছেন, ‘আয় ভাই বুকে আয়!’

কিন্তু সেটা তো দিনের প্রথম সহজ স্বাভাবিক শো। ‘বিশেষ’ শো তখনো বাকি। আর সেই শো-তে যে অ্যান্টিগার মতো আজও ‘হরর শো’ দেখা যাবে তা বোধ হয় অনেকেরই কল্পনায় ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা তো দেশের ক্রিকেটপ্রেমীদের কল্পনাকে হার মানাতে বরাবরই ওস্তাদ। তবে এবার সেই ওস্তাদিতে নতুন সংযোজন হলো—এক টিকিটে দুই...মানে জোড়া আঘাত।

কাল যাঁরা বাংলাদেশের প্রথম ইনিংস পুরোপুরি দেখেছেন তাঁরা এ নিয়ে প্রশ্ন তুলবেন না। কিন্তু যেসব ভক্ত ‘যা করে ওপরওয়ালা’—এই ভরসায় ঘুমিয়ে পড়ে স্বপ্নে তামিম-সাকিব হয়ে দু-একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন, তাঁরা প্রশ্ন করতে পারেন—এই জোড়া আঘাত কী জিনিস? বলছি...ভায়া...বলছি, তবে সেই নজরানা পেশ করার আগে একটু বলে নেওয়া ভালো ব্যাটসম্যানদের এতটা নিষ্ঠুর ভাববেন না। তাঁদের কোনো দোষ নেই। গ্রামে একটা কথা আছে না ‘আগা হাল যেদিক যায়, পিছের হাল-ও সেদিকে যায়’—আমাদের ব্যাটসম্যানেরা এই আপ্তবাক্য মেনে ব্যাটিং করেছেন, এই যা।

সাকিব ফেরার এক বল পরেই মাহমুদউল্লাহ হাঁটা দিয়েছেন ড্রেসিংরুমের দিকে। ছবি: এএফপি
সাকিব ফেরার এক বল পরেই মাহমুদউল্লাহ হাঁটা দিয়েছেন ড্রেসিংরুমের দিকে। ছবি: এএফপি

শুরুটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১০৭তম ওভারে মেহেদি হাসান মিরাজের টানা দুই বলে ফিরেছেন কেমো পল আর মিগুয়েল কামিন্স। এক ওভারকে এক টিকিট ভাবলে আঘাতটা কিন্তু জোড়া-ই। রসিকভক্তদের তখন নিশ্চয়ই সেই বিশেষ প্রজাতির পেঙ্গুইনদের কথা মনে পড়েছে। সঙ্গী হারালে ওঁরা কখনোই নতুন সঙ্গীর সঙ্গে জুটি বাঁধে না। তবে পেঙ্গুইনকে বেশি করে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

সপ্তম ওভারের তৃতীয় বলে ফিরেছেন লিটন দাস। এক বল পর ফিরেছেন মুমিনুল হক। এরপর কিছুটা বিরতি, দৃশ্যপটে ২৪তম ওভার। সেই পেঙ্গুইন-সুলভ চিত্রনাট্যে এবার সাকিব ও মাহমুদউল্লাহ। প্রথম বলে ফিরলেন সাকিব। সঙ্গী ফেরায় মাহমুদউল্লাহ অবশ্য সাড়া দিতে মুমিনুলের তুলনায় এক বল বেশি দেরি করে ফেলেছেন। দুই বল পর ফিরেছেন মাহমুদউল্লাহ। আহা, সতীর্থের প্রতি ভালোবাসার কী নৈবেদ্য!

সেই নৈবেদ্য প্রকাশে বাকিদের টেক্কা দিয়েছেন তামিম-সোহান জুটি। ৩৭তম ওভারের তৃতীয় বলে তামিম ফেরার পর সোহান আর দেরি করেননি। পরের বলেই ধরেছেন সঙ্গীর দেখানো পথ। সতীর্থের প্রতি সতীর্থের এই ‘বিশেষ ধরন’-এর ভালোবাসা কিন্তু স্কোরবোর্ডেও প্রভাব ফেলেছে। লিটন-মুমিনুল একসঙ্গে ফিরেছেন দলীয় ২০ রানে, ৭৯ রানে ফিরেছেন সাকিব-মাহমুদউল্লাহ আর ১১৭ রানে ফিরেছেন তামিম-সোহান। এখানেই শেষ নয়। তাইজুল আর আবু জায়েদ একই ওভারে না ফিরলেও ফিরেছেন একই স্কোরে—১৪৯! অনেক দিন উইকেটরক্ষার দায়িত্বে নেই বলেই হয়তো মুশফিকের সঙ্গে রসায়নটা ঠিক জমেনি মিরাজের। এ দুজনই শুধু ভালোবাসা আর মমত্বের মালা গেঁথে যেতে পারেননি একই ওভারে।

সেই পেঙ্গুইনদের মতো হয়ে এমন ‘এক টিকিটে জোড়া আঘাত’-এর এমনতর নজির কি টেস্ট ক্রিকেটে আছে? কেউ একটু দেখবেন। না থাকলে কিন্তু আরেকটি মাইলফলক, আরেকটি গৌরবতিলক—হোক না সেই তিলকের রংটা কালো!