এক টেস্ট খেলেই বাদ... খেলোয়াড়ের নাম ব্র্যাডম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক টেস্ট খেলে বাদ পড়া ব্র্যাডম্যানই শেষ পর্যন্ত ইতিহাসের সেরা ব্যাটসম্যান হয়েছেন। সংগৃহীত ছবি
অভিষেক টেস্ট খেলে বাদ পড়া ব্র্যাডম্যানই শেষ পর্যন্ত ইতিহাসের সেরা ব্যাটসম্যান হয়েছেন। সংগৃহীত ছবি

৩০ নভেম্বর দিনটি ক্রিকেট ইতিহাসে আলাদা হয়েই থাকবে। সর্বকালের সেরা ব্যাটসম্যানের অভিষেক হয়েছিল যে আজকের দিনেই। আজ থেকে ৮৭ বছর আগে ব্রিসবেনে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছিলেন ডন ব্র্যাডম্যান। অবশ্যটা অভিষেকটা ছিল বিভীষিকার মতো। ব্যাট হাতে এতটাই খারাপ করেছিলেন, এক ম্যাচ খেলেই বাদ পড়তে হয়েছিল তাঁকে!
স্থানীয় ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়েই ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া দলে। কিন্তু টেস্ট খেলতে নেমে ব্র্যাডম্যান যেন রীতিমতো হতাশ করলেন। প্রথম ইনিংসে করলেন ১৮ রান, দ্বিতীয় ইনিংসে মাত্র ১! দুঃস্বপ্নের মতোই শুরুটা হয়েছিল তাঁর। ব্যাটিংয়েও নেমেছিলেন বেশ পরে, অভিষেক টেস্টের দুই ইনিংসেই সাতে ব্যাট করেছিলেন ব্র্যাডম্যান! অবশ্য তাতেও ছাড় পাননি। পরের টেস্টেই বাদ পড়েছিলেন পরে নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যানের আসনে প্রতিষ্ঠা করা স্যার ডন।
অবশ্য পুরো অস্ট্রেলিয়া দলই সেই ব্রিসবেন টেস্টে জঘন্য খেলেছিল। অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলিয়ে রান করেছিল ১৮৮। ইংল্যান্ডের কাছে ম্যাচটিও হেরেছিল ৬৭৫ রানে, যেটি এখনো রানের ব্যবধানে টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হার। নিজের এমন শুরুর সঙ্গে দলেরও রেকর্ড গড়া হার মিলিয়ে অভিষেকটা মোটেও ভালো যায়নি সর্বকালের সেরা ব্যাটসম্যানের। ভাগ্য ভালো, প্রভাতের সূর্য সব সময় পুরো দিনের ইঙ্গিত দেয় না।
সিরিজের তৃতীয় টেস্টেই দলে ফেরানো হয় ব্র্যাডম্যানকে। মেলবোর্নে ব্যাটিং লাইনআপে ছয়ে স্থান হয় তাঁর। প্রথম ইনিংসে ৭৯ এবং দ্বিতীয় ইনিংসে ১১২ রান করার পর আর কখনো দলে জায়গা পাওয়া নিয়ে চিন্তা করতে হয়নি ব্র্যাডম্যানকে। সিরিজের শেষ টেস্টে আরেক সেঞ্চুরিতে দলকে ম্যাচও জিতিয়েছিলেন। অভিষেক টেস্টে যাঁর ব্যাটিং গড় ছিল ৯.৫, সেই ব্র্যাডম্যান শেষ পর্যন্ত ৫২ টেস্টে ২৯টি সেঞ্চুরি হাঁকানো ক্যারিয়ারের শেষ করেছিলেন ৯৯.৯৪-এর অবিশ্বাস্য গড় দিয়ে।