এক টেস্টেই শেষ যাঁদের ক্যারিয়ার

বাংলাদেশের ক্রিকেটে আছে অনেক ক্রিকেটারেরই হারিয়ে যাওয়ার গল্প। খুব ঘটা করে টেস্ট বা ওয়ানডে দলে ডাক পাওয়া, অান্তর্জাতিক ক্রিকেটের কঠিন মঞ্চে পারফর্ম করতে না পারা, অতঃপর হারিয়ে যাওয়া। টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ১৪ বছরে এমন অনেক ক্রিকেটারই আছেন, জাতীয় দলে ডাক পাওয়ার পরও যাঁদের ক্যারিয়ার থমকে গেছে একটি-দুটি টেস্ট বা এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই। ঘটা করে জাতীয় দলে ডেকে এখন পর্যন্ত অনেক ক্রিকেটারেরই বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে বড় করুণ সুরেই। ভাবা যায়, টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ১৪ বছরে বাংলাদেশের ৮৭টি টেস্টে অভিষেক হয়েছে ৭৪ জন ক্রিকেটারের! ১০টির কম টেস্ট খেলে বিদায়ের দখিন দুয়ার দেখা ক্রিকেটার অনেকেই আছেন। কিন্তু ভাবলে অবাক হতে হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আছেন এমন পাঁচজন ক্রিকেটার, যাঁদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে মাত্র একটি টেস্ট খেলে, দ্বিতীয় কোনো সুযোগ না পেয়েই।
টেস্ট মর্যাদা পাওয়ার প্রাথমিক সময়টি ছিল অস্থিরতার। জাতীয় দল গঠনে সে সময়কার নির্বাচকেরা কেন যেন একধরনের অস্থিরতায় ভুগতেন। টেস্ট ক্রিকেটের কঠিন ক্ষেত্রে জাতীয় দলের চেহারা কেমন হবে, সে বিষয়ে তাঁদের অনভিজ্ঞতাই ছিল মূলত সেই অস্থিরতার মূল কারণ। সে সময় অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের বয়সের বিচারে দল থেকে বাদ দেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। অভিজ্ঞ একজন ক্রিকেটারের জায়গায় অনেক সময়ই ঘরোয়া লিগে একটি-দুটি ম্যাচে ভালো খেলা কোনো সম্ভাবনাময় ক্রিকেটারের টেস্ট অভিষেক হওয়ার ঘটনা ঘটেছে। আবার প্রত্যাশা পূরণে ব্যর্থ সেই ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে ছুড়ে ফেলে দেওয়াও হয়েছে বড় নিষ্ঠুরভাবেই। যে পাঁচজন ক্রিকেটারের ক্যারিয়ার একটি টেস্টেই শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এঁরা কেউই খারাপ খেলোয়াড় হিসেবে পরিচিত নন; বরং সম্ভাবনাময় ও প্রতিভাবানের তকমা নিয়েই এঁরা জাতীয় দলে ঢুকেছিলেন। দল থেকে বাদ পড়ে যাওয়ার পর দুর্ভাগ্যজনকভাবেই পুনর্বাসনের কোনো সুযোগ পাননি এঁরা।
জাতীয় দল থেকে অল্প সময়ের মধ্যে বাদ পড়ে যাওয়ার মানসিক ধাক্কা এই ক্রিকেটারদের সবদিক দিয়েই ক্ষতিগ্রস্ত করেছিল, যার ধাক্কা তাঁরা আর কখনোই কাটিয়ে উঠতে পারেননি। একই কথা প্রযোজ্য ১০টির কম টেস্ট খেলে শেষ হয়েছে যাঁদের ক্যারিয়ার। বিকাশ রঞ্জন দাশ, রফিকুল ইসলাম, এহসানুল হক, আনোয়ার হোসেন ও ফয়সাল হোসেন—এঁরাই হচ্ছেন সেই দুর্ভাগা পাঁচ, যাঁরা একটি টেস্ট খেলেই হারিয়ে গেছেন বিস্মৃতির অতলে।
বিকাশ রঞ্জন দাশ খেলেছিলেন বাংলাদেশের অভিষেক টেস্টে। ঐতিহাসিক অভিষেক টেস্টে প্রথম একাদশে সবচেয়ে বড় চমক ছিলেন তিনি। অথচ ১৯৯৭ সালের আইসিসি ট্রফি বিজয়ের পর থেকে ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার ওই সময়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে একরকম অপরিচিতই ছিলেন তিনি। এমনকি অভিষেক টেস্টের ঘোষিত দলে তাঁর নাম দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এই বাঁহাতি পেসার যখন ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম একাদশে সুযোগ পেয়ে গেলেন, তখন অবাক হননি এমন ক্রিকেটপ্রেমী বোধ হয় ছিলেন না একজনও। অথচ একই দলে বিকাশের চেয়ে অভিজ্ঞ বোলার ছিলেন মঞ্জুরুল ইসলাম ও শফিউদ্দিন আহমেদ।
অভিষেক টেস্টে একটি উইকেট নিয়েছিলেন বিকাশ। পরে হারিয়ে যান বিস্মৃতির অতলে। অভিষেক টেস্টের পর বাংলাদেশ ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছিল। বিকাশকে সে দলে নেওয়া হয়নি। এরপর ক্রিকেট থেকেই হারিয়ে যান তিনি। পরে ধর্মান্তরিত হয়ে নাম ধারণ করেন মাহমুদুর রহমান—সে আরেক গল্প। বিকাশ বা মাহমুদুর কেন ক্রিকেট থেকে হারিয়ে গেলেন, এর কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট কারও কাছেই।
রফিকুল ইসলাম ছিলেন রাজশাহীর ক্রিকেটার। ২০০২ সালে অ্যালান ডোনাল্ড, শন পোলকের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোচেফস্ট্রমে টেস্ট অভিষেক হয়েছিল এই ব্যাটসম্যানের। দুই ইনিংসে সাত রান করে আর কোনো দিনই টেস্ট খেলার সুযোগ হয়নি তাঁর। ওই সফরেই কিম্বার্লিতে একটি ওয়ানডে খেলার সুযোগ হয়েছিল। কিন্তু তাতেও বলার মতো কিছু করতে পারেননি। অথচ জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে দুই হাজারের ওপর রান আছে তাঁর। তিনটি শতক ও ১০টি পঞ্চাশে সাজানো তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারও জানান দিচ্ছে যথেষ্ট ভালো ক্রিকেটারই ছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের ব্যর্থতার কারণেই তাঁকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে নির্দয়ভাবেই।
এবার আসা যাক এহসানুল হকের কথায়। একটা সময় ছিল, যখন এহসানুলকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করা হতো। নব্বইয়ের দশকের শেষে কিংবা নতুন শতকের শুরুর বছরগুলোয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই শীর্ষ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেই এহসানুলের ক্যারিয়ার শেষ হয়েছে একটি টেস্ট খেলেই। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত এহসানুল আর কখনোই টেস্ট খেলার সুযোগ পাননি। ওয়ানডে অবশ্য খেলেছেন কয়েকটি। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দলে ছিলেন। সেখানেও খুব ভালো কিছু করতে পারেননি। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৩৯.০০। রান চার হাজার ১৭। ১০টি শতরান ও ২৪টি পঞ্চাশের ইনিংসের মালিক এহসানুল আন্তর্জাতিক ক্রিকেটে টিকতে পারলেন না, সেটা এক বড় রহস্যই।
আনোয়ার হোসেন ছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ২০০২ সালের শুরুতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ব্যর্থতার কারণে আর কোনো দিনই সুযোগ পাননি। একটি ওয়ানডে খেলে ৪২ রানের এক ইনিংস খেলেও বাদ পড়ে গেছেন জাতীয় দল থেকে। নির্বাচকেরা কেন তাঁকে আর সুযোগ দেননি, সেটাও জানা যায়নি। টেস্টে আর সুযোগ না পেলেও মাঠে নামা একটি ওয়ানডেতে ৪২ রান করেও জাতীয় দল থেকে তাঁর বাদ পড়ে যাওয়া প্রমাণ করে, টেস্ট মর্যাদা পাওয়ার প্রাথমিক যুগে অনেক ক্রিকেটারকেই পরীক্ষাগারের গিনিপিগ বানিয়েছিলেন নির্বাচকেরা।
ফয়সাল হোসেন ঘরোয়া ক্রিকেটের আরেক পরিচিত মুখ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার ভাগ্য তাঁর হয়নি। মাত্র একটি টেস্ট খেলেই বিদায়ঘণ্টা বেজেছে। অথচ ঘরোয়া ক্রিকেটে খুব নিয়মিতই পারফর্ম করে গেছেন। তিনিও এ দেশের ক্রিকেটের পরীক্ষাগারের আরেক দুর্ভাগা ক্রিকেটার।
এই পাঁচজন অনেক স্বপ্ন নিয়েই জাতীয় দলে এসেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই সফল হয় না, ব্যর্থতা গ্রাস করে অনেককেই। কিন্তু এই পাঁচ ক্রিকেটার যদি প্রশ্ন করেন, ‘সত্যিই কি আমাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল? সত্যিই কি নিজেদের প্রমাণের সময় পেয়েছিলাম?’ এমন প্রশ্নের উত্তরে কী বললেন ওই সময়কার নির্বাচকেরা?