এক দিনে তিন ডাবল সেঞ্চুরি

আগের দিন সিলেটে ভূমিকম্প-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ঢাকা বিভাগ-বরিশাল বিভাগের ম্যাচে। কাল ভূমিকম্প না হলেও বরিশালের খেলোয়াড়দের মধ্যে একটা ভয় ঠিকই ছিল। রানের পাহাড়ে চাপা পড়ার ভয়। জাতীয় লিগে তাইবুর রহমান ও সাইফ হাসানের জোড়া ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ঢাকা।
সাইফ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তাইবুর ছাড়িয়ে গেছেন তাঁর আগের সর্বোচ্চ ২০৭। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি পাওয়ার দ্বিতীয় ঘটনা এটি। সাইফ (২০৪) ও তাইবুর (২৪২) দুজনেই শিকার বরিশালের পেসার তৌহিদুল ইসলামের। সাইফ-তাইবুর চতুর্থ উইকেটে যোগ করেছেন ৩০৪ রান, তাঁদের দল ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫৮৮ রানে। ৬ উইকেটে ১০১ রান নিয়ে দিন শেষ করা বরিশাল আছে ফলোঅনের শঙ্কায়।
নিজের দুই ডাবল সেঞ্চুরির মধ্যে তাইবুর এগিয়ে রাখছেন দ্বিতীয়টিকে, ‘এটাই আমার সেরা ইনিংস। অধিনায়ক বলেছিল, রানটা যত বাড়িয়ে নেওয়া যায়। সাইফের সঙ্গে পরিকল্পনা করছিলাম এক ইনিংসই ব্যাটিং করব! আর চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণটাও তো আছেই।’
জাতীয় লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনটা যেন ‘ডাবলময়’! চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অধিনায়ক অলক কাপালিও। ২৬৬ বলে ১২ চার ও ১০ ছক্কায় ঠিক ২০০ রানে অপরাজিত ছিলেন অলক। তাঁর দল ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৫৫ রানে। জাতীয় লিগে সিলেটের এটিই সর্বোচ্চ ইনিংস।
প্রথম দিন শেষে অলক অপরাজিত ছিলেন ৫৬ রানে। চা-বিরতির আগে পেয়ে গেলেন তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরি। ‘ডাবলে’র অপেক্ষা ফুরোতেই প্রথম ইনিংস ঘোষণা করলেন সিলেট অধিনায়ক। সেঞ্চুরির পরই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অলক। ২০৪ বলে ১০০ ছোঁয়ার পর ২০০ ছুঁয়েছেন আর মাত্র ৬২ বল খেলেই। ‘পরিকল্পনা ছিল যত তাড়াতাড়ি রান তুলে ইনিংস ঘোষণা করা। ডাবল সেঞ্চুরির চিন্তা আসছে ১৩০ রানের পর। কোচ নির্দেশনা দিলেন আধা ঘণ্টা ব্যাটিং করতে। মনে হলো আধা ঘণ্টার মধ্যেই ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারে’—মুঠোফোনে বলছিলেন অলক।
প্রথম দিনে চাপে থাকা খুলনা কাল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ঢাকা মহানগরকে ১২২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে এনামুল হকের সেঞ্চুরিতে দিনটা নিজেদের করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। খুলনা এগিয়ে ৩৫৭ রানে। বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ভালো অবস্থানে আছে রংপুরও। ধীমান ঘোষ, লিটন দাস ও নাসির হোসেনের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট রংপুর। তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ধীমানের। দিন শেষে রংপুর এগিয়ে ১১৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-বরিশাল, সিলেট n ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৫২.৫ ওভারে ৫৮৮/৬ ডি. (তাইবুর ২৪২, সাইফ ২০৪, জাহিদুজ্জামান ৫৭, নাদিফ ৩৫*; তৌহিদুল ৫/৮৭)। বরিশাল ১ম ইনিংস: ২২ ওভারে ১০১/৬ (আল আমিন ৩৪, সোহাগ ২৫; শাহাদাত ২/২১, শরীফ ২/২৮)।
খুলনা-ঢাকা মহানগর, ফতুল্লা n খুলনা: ২০৭ ও ৫৮.২ ওভারে ২৭২/৩ (এনামুল ১২২, তুষার ৭৩*, হাসানুজ্জামান ৫৫ ; ডলার ১/৪৫)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩৬ ওভারে ১২২ (শরীফউল্লাহ ৩৮; রাজ্জাক ৩/১৫, আশিক ৩/৩১, আল আমিন ৩/৩৯)।
রাজশাহী-রংপুর, বগুড়া n রাজশাহী: ১৯১ ও ৯ ওভারে ৪২/১ (জুনায়েদ ২১*; সাজেদুল ১/৯)। রংপুর ১ম ইনিংস: ৯৪.৫ ওভারে ৩৫১ (ধীমান ৯৭, লিটন ৭৪, নাসির ৬৮, সোহরাওয়ার্দী ৩৮*; মামুন ৫/৮১, শফিউল ২/৮৮, ফরহাদ রেজা ২/৯২)।
চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম n সিলেট ১ম ইনিংস: ১৪৩ ওভারে ৫৫৫/৭ ডি. (অলক ২০০*, ইমতিয়াজ ১৩৪, জাকের ৭৮, রাজিন ৫৮, শাহানুর ৪৫; ইফতেখার ৩/১০৫, নাঈম ২/১৮৯)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৮ ওভারে ১১৫/৩ (ইয়াসির ৫৩*, নাফিস ৫১*; জায়েদ ২/১৬)।
প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ২০০
(বাংলাদেশের ব্যাটসম্যান)
৩
মোসাদ্দেক হোসেন, অলক কাপালি
২
নাজিমউদ্দিন, মার্শাল আইয়ুব, রনি তালুকদার, রকিবুল হাসান, তাইবুর রহমান
২
দ্বিতীয়বার এক ইনিংসে দুজন ডাবল সেঞ্চুরি পেলেন। সাইফ-তাইবুরের আগে ২০১২-১৩ মৌসুমে বিসিএলে পূর্বাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র।