এক দিনেই দুবার অলআউট হওয়ার সমান লজ্জা উইন্ডিজের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রুদ্ররূপে স্টেইন! ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রুদ্ররূপে স্টেইন! ছবি: এএফপি

টেস্ট ক্রিকেটের নিয়মিত দর্শকেরা তো হিসাবটা জানেনই। প্রতিদিন খেলা হয় তিনটি সেশন। দিনে খেলা হয় ৯০ ওভার। ওয়েস্ট ইন্ডিজের অবস্থা কতটা শোচনীয় জানেন? দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে ১০২.৫ ওভার। কালকের তিনটা সেশনের পর আজ দিনের প্রথম সেশনের অর্ধেকটা। এরই মধ্যে দুবার অলআউট! এ তো প্রায় এক দিনে দুবার অলআউট হওয়ার সমান!
সেঞ্চুরিয়ন টেস্টে এমনই এক লজ্জায় পড়ে শেষ হলো সিরিজের প্রথম টেস্ট। প্রথম দুই দিনের পুরোটাই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের পর কাল ও আজকের প্রথম এক ঘণ্টা কেবল দক্ষিণ আফ্রিকার বোলিংটাই চোখে পড়ল। তাহলে কী খেলল ওয়েস্ট ইন্ডিজ! না বোলিংয়ে, না ব্যাটিংয়ে! দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে অলআউট হয়ে ম্যাচটা হারল ইনিংস ও ২২০ রানে। দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় বৃহত্তম জয়।
আগের দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে খেলতে নেমেছিল সফরকারীরা। কিন্তু মাত্র ১৫.৩ ওভার স্থায়ী হলো তাদের আয়ু। ৫৫ রানে পড়ে গেল শেষ সাত উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারলেন না আহত কেমার রোচ। করলেও তাতে হেরফের তেমন কিছু হতো না। দিনের সাত উইকেটের ছয়টিই নিলেন ডেল স্টেইন, প্রথম ইনিংসে বিস্ময়করভাবে উইকেটশূন্য থাকার ক্ষুধাটা যেন মিটিয়ে নিলেন। তাঁর টানা সাত ওভারের স্পেলেই শেষ ক্যারিবীয়রা। র‍্যাঙ্কিংয়ের ১ আর ৮ নম্বর দলের মধ্যে খেলা হলে ম্যাচটা একতরফা হবেই। তাই বলে এতটা!
গতকাল হ্যামস্ট্রিং চোটের কারণে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ বল করে উঠে গিয়েছিলেন। আজ ঠিকঠাক খেলতে পারবেন কি না, তা নিয়েও ছিল শঙ্কা। অথচ আরও শক্তি নিয়ে গর্জে উঠল ‘স্টেইন-গান’! নিমিষেই ঝাঁজরা ক্যারিবিয়ান উইকেট লাইন-আপ। এ দিয়ে ২৫ বার টেস্টে ৫ উইকেট পেলেন স্টেইন। গত চার টেস্টের তিনটিতেই কোনো না কোনো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ম্যাচসেরা ডাবল সেঞ্চুরি করা হাশিম আমলা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।