এক দেশে একসঙ্গে দুই দ্বিপক্ষীয় সিরিজ

নিজেদের সিরিজের সময় অন্য দ্বিপক্ষীয় সিরিজও আয়োজন করবে শ্রীলঙ্কাফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা বা অন্য কোনো কারণে নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ মোটেই নতুন কিছু নয় ক্রিকেটে। এমন সিরিজ আয়োজনের পূর্ব অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কারও। তবে এবার নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে দেশটির। একই সঙ্গে তাদের মাটিতে হতে যাচ্ছে দুটি আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ। একটিতে খেলবে তারা, আরেকটিতে অন্য দুটি দল।

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে আগেই। এর আগে সে সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরও। সেপ্টেম্বরে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ দুটি হবে একই সময়ে। ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।

পাকিস্তানের সঙ্গে খেলবে আফগানিস্তান
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সর্বশেষ ২০১৮ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ হবে হাম্বানটোটায়। এর আগে কখনোই একাধিক ম্যাচের সিরিজ খেলেনি পাকিস্তান ও আফগানিস্তান।
সর্বশেষ ভারতে একই সময়ে হয়েছিল দুটি আলাদা দ্বিপক্ষীয় সিরিজ। ২০১৯ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল আফগানিস্তানের সঙ্গে, একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হয়েছিল দুই দলের মধ্যে। একই সময়ে ভারত সফর করছিল বাংলাদেশও।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করেছিল ২০১৪ সালে। সেবার তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নেপাল ও হংকং। যদিও সে সিরিজের টানা চার ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। এর আগে একবারই নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য দুই দলকে আতিথেয়তা দিয়েছিল শ্রীলঙ্কা। ২০০২ সালে সেখানে একটি টেস্ট খেলেছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া।