এক নম্বর দক্ষিণ আফ্রিকার টানা সাত
এক দিকে কাগিসো রাবাদার গতি, অন্য দিকে ইমরান তাহিরের কিপটে বোলিং। এর সঙ্গে যদি ফিল্ডাররা সংগত দেন, তাহলে আর কী লাগে! হলোও তা-ই। দক্ষিণ আফ্রিকার ‘টিমওয়ার্ক’-এর সামনে ১৪৯ রানেই ধসে পড়ল নিউজিল্যান্ড। বাকি দায়িত্বটা ছিল ব্যাটসম্যানদের। সেটা অনায়াসে সারলেন ফাফ ডু প্লেসি-ডেভিড মিলাররা। কাল অকল্যান্ডের ইডেন পার্কে কিউইদের ৬ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
এ নিয়ে টানা সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ হারটা ২০১৫ সালে বাংলাদেশের কাছে, ২-১ ব্যবধানে। দেশের মাটিতে নিউজিল্যান্ডও হারল টানা আট সিরিজ পর। কাকতালীয়ভাবে যাদের সর্বশেষ হারটা এই দক্ষিণ আফ্রিকার কাছেই, ২০১৪ সালে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে সিরিজটা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। হেরে গেলে প্রোটিয়াদের সরিয়ে অস্ট্রেলিয়া এক নম্বরে চলে যেত। এবি ডি ভিলিয়ার্সরা সেটা হতে দিলেন না।
পঞ্চম ওভারেই আগের ম্যাচের নায়ক মার্টিন গাপটিলকে সরাসরি বোল্ড করে ফেরান রাবাদা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। গাপটিলের পর মাঝে জিমি নিশাম আর শেষে কলিন ডি গ্র্যান্ডহোমকেও ফিরিয়েছেন রাবাদা। ২৫ রানে ৩ উইকেট নিয়ে তাই ম্যাচসেরাও দক্ষিণ আফ্রিকান পেসার। গ্র্যান্ডহোমের ৩২ না হলে তো দেড় শর কাছেই যেতে পারত না নিউজিল্যান্ড!
১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাহির। ১০ ওভার বল করে কোনো দক্ষিণ আফ্রিকান স্পিনারের সবচেয়ে কৃপণ বোলিং রেকর্ড এটি। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে কোনো স্পিনারের সবচেয়ে হিসাবি বোলিংও।
১৪৯ রান করে এখনকার দিনে কোনো উইকেটেই আর জেতার আশা করা যায় না। কিউই বোলাররা অবশ্য ৪৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শুরুতে একটু লড়ার আভাস দিচ্ছিলেন। কিন্তু ডু প্লেসির অপরাজিত ফিফটির পাশাপাশি মিলারের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে যায় ১০৬ বল হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪১.১ ওভারে ১৪৯ (ডি গ্র্যান্ডহোম ৩২, ব্রাউনলি ২৪, নিশাম ২৪, স্যান্টনার ২৪; রাবাদা ৩/২৫, তাহির ২/১৪, ফিেকায়াও ২/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ৩২.২ ওভারে ১৫০/৪ (ডু প্লেসি ৫১*, মিলার ৪৫*, ডি ভিলিয়ার্স ২৩; প্যাটেল ২/২৬, নিশাম ১/১০, ডি গ্র্যান্ডহোম ১/১৬)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কাগিসো রাবাদা।