এক নম্বরে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ নিশ্চিত হয়েছে চতুর্থ ম্যাচেই। তার পরও অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেটার গুরুত্ব মোটেও কম ছিল না। ম্যাচটা জিতলেই নিশ্চিত ছিল ভারতকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা। সিডনিতে কাল দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েই লক্ষ্যটা পূরণ করেছে অস্ট্রেলিয়া। কাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ও ভারত দুই দলেরই রেটিং পয়েন্ট সমান ১১৭ হলেও অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ভগ্নাংশের (০.২) ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা নেমে গেছে দুই থেকে তিনে।
উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি এবং রাইলি রুশো (৭১ বলে ৫১) ও ফারহান বেহারডিয়েনের (৪১ বলে ৬৩) ফিফটিতে দক্ষিণ আফ্রিকা করে ২৮০ রান। প্রাথমিক লক্ষ্যটা ২৮১ হলেও দশম ওভারে বৃষ্টির হামলায় অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৭৫। অ্যারন ফিঞ্চ (৭৬), শেন ওয়াটসন (৮২) ও স্টিভেন স্মিথের (৬৭) ফিফটিতে ৪৪তম ওভারে ৪ উইকেটে ২৬৪ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ওই ওভারের পঞ্চম বলে স্মিথের বিদায়ের পর মাত্র ৩ রানেই আরও ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া শঙ্কায়ই পড়ে যায়। সেই শঙ্কা থেকে দলকে উদ্ধার করেছেন জেমস ফকনার ও মিচেল স্টার্ক। এএফপি, ক্রিকইনফো।