

ক্যারিয়ারে কত ব্যাটসম্যানকেই তো বোলিং করেছেন! সবচেয়ে কঠিন মনে হয়েছে কাকে? বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিশেষ এই কলামে বলেছেন তাঁকে সবচেয়ে বেশি ভোগানো পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে।
১ হাশিম আমলা
দেখে হয়তো মনে হয়, হাশিম আমলা অত শট খেলে না। কিন্তু আমার চোখে ওকে বল করাই একজন বোলারের জন্য সবচেয়ে কঠিন। ওভারপ্রতি একটা চার মারবেই। বোলারের ইকোনমি রেট তো ওখানেই নষ্ট হয়ে যায়! রেকর্ডও তাই বলে। ওয়ানডের দ্রুততম হাজার রানের রেকর্ডগুলো দেখেন না। প্রায় সবই তো আমলার!
আমার কাছে আমলাকে বল করাই সবচেয়ে কঠিন মনে হয়েছে। অন্য বোলারদেরও দেখেছি আমলার সামনে সংগ্রাম করতে। একজন বোলার যখন উইকেট নেওয়ার জন্য ঝাঁপায়, একটি-দুটি বল সামান্য লেগ সাইডে যেতেই পারে। ওসব বলে ওর ফ্লিক এককথায় দুর্দান্ত। আমার ধারণা, এটাই ব্যাটসম্যান আমলার সবচেয়ে শক্তির জায়গা। অবশ্য অফ স্টাম্পের বাইরেও ওকে বল করাটা বড় এক চ্যালেঞ্জ।
আমলার বিপক্ষে বোলারদের তাই একটাই পথ স্টাম্প টু স্টাম্প বল করা, এবার আমাদের রুবেল যেভাবে ওকে বোল্ড করল। ওর বিপক্ষে গতিতে বৈচিত্র্য আনতে পারলে আরও ভালো হয়। স্লোয়ার ডেলিভারিগুলোতে অনেক সময়ই আমলাকে সমস্যায় পড়ে দেখেছি।
২ গৌতম গম্ভীর
আমলার পর গৌতম গম্ভীরকে বল করতেই আমার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। স্কয়ার ড্রাইভটা খুব ভালো খেলে, ফ্লিকেও অসাধারণ। একটু গ্যাপ পেলেই শট খেলে। আমি যদিও স্পিনার নই, তারপরও বলি, উইকেটে সেট হয়ে যেতে পারলে স্পিনারদের জন্য গৌতম গম্ভীর ভয়-জাগানিয়া এক নাম। ফর্মের কারণে এখন দলে না থাকলেও নিজের সেরা সময়ে সে ছিল ভয়ংকর এক ব্যাটসম্যান।
সব মিলিয়েও গম্ভীরের রেকর্ডও অনেক ভালো। বড় বড় দলের বিপক্ষে নিয়মিত রান করেছে। একটা সময়ে তো ওপেনিংয়ে নেমে ভারতের ইনিংসের ভিত গড়ে দিত। টেস্টে এক বছরে ৯টা সেঞ্চুরি করা তো আর সহজ কথা নয়।
বাউন্সারের সামনে মাঝে মাঝে গম্ভীরকে দুর্বল মনে হয়েছে আমার। কিন্তু ভালো সময়ে বাউন্সার মারলেও সে ঠিকই সামলে নিত। আমলার মতো স্টাম্পের বলে কিছুটা দুর্বলতা আছে গম্ভীরের। বিশেষ করে সুইং করিয়ে বল ভেতরে আনতে পারলে ওকে অস্বস্তিতে ফেলা যায়।
৩ ইনজামাম-উল-হক
ইনজামামের বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ পাইনি। তবে যেটুক খেলেছি, সেটুকুতেই তাকে বোলিং করাটা কঠিন মনে হয়েছে। রানিং বিটুইন দ্য উইকেট অত ভালো ছিল না বলে ইনজামাম উইকেটে সেট হলেও বোঝা যেত না। সব সময়ই মনে হতো একটু যেন নড়বড়ে। বাস্তবে তা ছিল না। স্কোরবোর্ডকে সব সময়ই সচল রাখত। দলের প্রয়োজনে যখন ওভারপ্রতি ৬ করে রান লাগত, ৬ করেই নিত।
পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালের ওই মুলতান টেস্টে আমি খেলিনি। কিন্তু আমার দেখা ইনজামামের সেরা ইনিংস অবশ্যই ওটা। একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিল পাকিস্তানকে! আসলে একবার ব্যাটে বল লাগা শুরু করলে খুবই বিপজ্জনক ব্যাটসম্যান হয়ে উঠত সে। স্পিন, পেস যেকোনো বলেই তাকে আউট করাটা কঠিন হয়ে যেত তখন।
৪ অ্যাডাম গিলক্রিস্ট
এতক্ষণ যে তিন ব্যাটসম্যানের কথা বললাম, অনেক বোলার হয়তো গিলক্রিস্টকে তাদের আগেই রাখতে চাইবেন। তবু আমি তাকে একটু পরে রাখলাম, কারণ টেস্টে গিলক্রিস্টকে কিছুটা স্বাধীনতা নিয়ে বল করা যেত। চাইলে মাঝে মাঝে আটকানোও যেত। কিন্তু ওয়ানডেতে গিলক্রিস্টকে আটকানো ছিল খুবই কঠিন কাজ। প্রতিপক্ষের খেলাটা এক হাতে নষ্ট করে দিত। ২০০৭ বিশ্বকাপের ফাইনাল, আমাদের সঙ্গে ম্যাচগুলো...এ রকম অনেক ম্যাচেই তার বিধ্বংসী হয়ে ওঠার নজির আছে।
ব্যাটসম্যান হিসেবে গিলক্রিস্টের দুর্বলতা কী ছিল, আমি আসলে জানি না। তাকে দু-একবার আউট করেছি। তবুও মনে হয়েছে, এক আত্মবিশ্বাস ছাড়া গিলক্রিস্টের সামনে বোলারদের হাতে আর কোনো অস্ত্র থাকত না, অন্তত আমার তো ছিলই না। সব সময় ওর শক্তিমত্তার জায়গাগুলো নিয়ে ভেবেছি। শট খেলতে খুব পছন্দ করত এবং শুরু থেকেই তা খেলত। প্রতি বলেই চেষ্টা করত আক্রমণ করতে। গিলক্রিস্টকে বল করা এ কারণেই বেশি কঠিন ছিল। গিলক্রিস্ট বোলিং উড়িয়ে দিতে নামবে, এটাই ছিল নিয়ম।
৫ এবি ডি ভিলিয়ার্স
সেরার তো শেষ নেই! পাঁচ নম্বরে কার কথা বলব? ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং...। লারার বিপক্ষে যেহেতু একটা ইনিংসই খেলেছি, ওকে বাদ দিলাম। হেইডেন-পন্টিংয়ের সামনে সমস্যা হলেও শেষ পর্যন্ত পাঁচ নম্বরে রাখছি এবি ডি ভিলিয়ার্সকে। ও কখনো নিজের ব্যর্থতা নিয়ে ভাবে না। সব সময় দলের জন্য খেলে। দলের প্রয়োজনে ভালো বলেও মারতে ইতস্তত করে না। ওর বিপক্ষে বোলিং করার সময় ফিল্ডিং সাজানোতে কিছুটা রক্ষণাত্মক মনোভাব তাই রাখতেই হয়।
বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। অন্তত আমার চোখে এ মুহূর্তে তার মতো কোনো ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে নেই। টেস্ট থেকে শুরু করে ওয়ানডে, টি-টোয়েন্টি; সব ক্রিকেটে ও শুধু সফল নয়, প্রভাব বিস্তার করে সফল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজটার কথা মনে করুন। জনসনের বলে এক দিক দিয়ে সবাই আউট হচ্ছিল, অথচ অন্য দিক দিয়ে ডি ভিলিয়ার্স ওই জনসনকেই সমানে পেটাচ্ছিল!
নিজের অভিজ্ঞতার কথা বলি। আফ্রো-এশিয়া কাপে একবার অন্য সব ব্যাটসম্যানকে মোটামুটি ভালোই আটকে রাখছিলাম। কিন্তু ডি ভিলিয়ার্স যখন স্ট্রাইকে যাচ্ছিল, কোনো না কোনোভাবে আমাকে সমস্যায় ফেলছিল। স্কয়ার লেগে ফিল্ডার রাখলে ফাইন লেগ দিয়ে খেলছিল। আবার ফাইন লেগে ফিল্ডার সরিয়ে নিলে স্কয়ার লেগ দিয়ে।
এবার দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে চলে গেলেও যতক্ষণ ও ছিল, আমাদের চিন্তাভাবনার প্রায় সবটা ছিল ডি ভিলিয়ার্সকে ঘিরেই। একটা সিরিজ বা ম্যাচে এ রকম একজন খেলোয়াড় নিয়ে ব্যস্ত থাকতে হলে অন্যরা দৃষ্টির আড়ালে থেকে যায়। ওর প্রভাবটা এ থেকেই স্পষ্ট।