এক নিষেধাজ্ঞা আজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান।
সাকিব আল হাসান।

মিরপুর একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাট করছিলেন ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন। বোলিং করছিলেন মাশরাফি আর তাসকিন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলা কার্পিনেন ব্যাটিং ভালোই করলেন। একটু পরই উইকেটে গেলেন সাকিব আল হাসান। প্রথম বলেই তাসকিনকে উড়িয়ে মারলেন মাথার ওপর দিয়ে। পরের বলে দারুণ এক ফ্লিক মিড উইকেট দিয়ে। যেন বুঝিয়ে দিলেন, ছন্দেই আছেন!
মাঠ ছাড়ার সময় মাশরাফি মজা করে বললেন, ‘সাকিব, তোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল।’ সাকিব তাকিয়ে হাসলেন। সেই হাসি অটুট অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে গিয়েও। আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা মুক্তি নিয়ে সাকিবের অনুভূতি জানার অপেক্ষায় অনেকেই। কিন্তু সাকিবের জবাব শুধুই হাসিতে। মুখে আগের মতোই তালা!
অনুশীলন করছেন নিয়মিত। কদিন আগে গা-গরমের ম্যাচও খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ‘এ’ দলের বিপক্ষে। তবে আনুষ্ঠানিকভাবে সাকিবের নিষেধাজ্ঞার শেষ দিন আজ। ‘শৃঙ্খলাভঙ্গের বেশ কিছু অভিযোগে’ গত ৭ জুলাই ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছিল বিসিবি। দেশের বাইরের লিগে নিষেধাজ্ঞা ছিল ২০১৫ সালের শেষ পর্যন্ত। গত ২৬ আগস্ট সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে কমানো হয়নি দেশের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা।
সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে শুরু থেকেই অনেক প্রশ্ন আছে। শৃঙ্খলাভঙ্গের ‘অনেক অভিযোগ’-এর কথা বলা হলেও সুনির্দিষ্টভাবে সেসব জানানো হয়নি। দেশের বাইরের লিগে খেলায় নিষেধাজ্ঞা বহাল রাখাটাও যেমন জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। এসব লিগে খেলার সময় বাংলাদেশের ক্রিকেটের পতাকাই ওড়াতেন সাকিব। আসছে বিগ ব্যাশেও খেলার সুযোগ ছিল সাকিবের। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ায় খেলতে পারলে সেটি নিশ্চিতভাবেই বিশ্বকাপে কাজে লাগত সাকিব এবং বাংলাদেশের।
অদৃশ্য একটা শেকল তাই সাকিবের পায়ে থাকছেই। তারপরও আজ একটা নিষেধাজ্ঞার শেষ বলে স্বস্তির একটা নিঃশ্বাস তো পড়বেই তাঁর।