এক বছর আগের লিটনকে দরকার বাংলাদেশের

লিটন ফিরে যান এক বছর আগের কৌশলেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রতি ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং পাওয়ারপ্লের পারফরম্যান্স ছিল গড়পড়তা (চার ম্যাচে গড় ৩৫)। ওপেনার লিটন দাসের ব্যর্থতা এর মূল কারণ। একপাশ থেকে মোহাম্মদ নাঈম মন্থরগতিতে ব্যাটিং করায় ইনিংসের শুরুতে দ্রুত রান করার দায়িত্বটা বর্তায় লিটনের ওপর। কিন্তু লিটনের ব্যাট থেকে দ্রুত রান তো দূরের কথা, রানই যে পাচ্ছে না বাংলাদেশ।

লিটন ফর্মে না থাকার কারণে তিনি নিজেকে গুটিয়ে রাখছেন। ফলে পাওয়ারপ্লেতে সর্বনাশ হয়ে যাচ্ছে দলের। এখন বাংলাদেশের চাওয়া এক বছর আগের লিটনকে ফিরে পাওয়া। এক বছর আগেও ইনিংসের শুরুতে এমন ব্যাটিং করতেন না। পাওয়ারপ্লেতে তাঁর চেষ্টা থাকত আগ্রাসী ব্যাটিংয়ের। যে ধরনের বোলিংই হোক, শুরু থেকেই বোলারদের চাপে রাখতেন। সেটি করতে গিয়ে দ্রুত আউটও হতেন। কিন্তু লিটনের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ভাবনাটা অন্তত ঠিক ছিল।

আগে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে লিটনকে
ছবি: বিসিবি

এ বছরের শুরু থেকেই ইনিংসের শুরুতে সময় নিতে গিয়ে সব কূলই হারাচ্ছেন লিটন। প্রতিপক্ষের বোলারদের চেপে বসার সুযোগ করে দিচ্ছেন, পাওয়ারপ্লেতে রান করার সুযোগও হারাচ্ছেন। পাওয়ারপ্লের যখন দ্রুত রান করার সময়, তখন তিনি সময়টা নষ্ট করছেন নিজেকে থিতু করতে। একবার থিতু হলে তিনি বড় ইনিংস খেলতে পারবেন এই আশায় লিটনের বাড়তি সময় নেওয়া। কিন্তু তাঁর লক্ষ্য পূরণ হচ্ছে না। বড় ইনিংস তো খেলতে পারছেন–ই না, উল্টো বল নষ্ট করে হচ্ছেন আউট।

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে যেমন ক্রিজ ছেড়ে মারতে গিয়ে ৩০ গজে ক্যাচ দেন তিনি। ওমানের বিপক্ষে বিলাল খানের সুইংয়ে হয়েছেন পরাস্ত। পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম পর্বের তৃতীয় ম্যাচে অফ স্পিনারকে ছক্কা মারতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও ৩০ গজে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আউট হওয়ার আগে ১৬ বল খেলে ১৬ রান করেন লিটন। রানসংখ্যাটা যদি ১৬ বলে ৩০ হতো, তাহলে লিটনের আউটটিকে দৃষ্টিকটু মনে হতো না।

স্ট্রাইকরেট কমে যাচ্ছে লিটনের
ছবি: বিসিবি

তবে এ মুহূর্তে লিটনের আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আত্মবিশ্বাস ফিরে না পেলে নিজের মতো করে খেলা কঠিন—এটা তো খুব সহজ ব্যাপার। লিটনের ব্যাটিংয়ে সেটিই ফুটে উঠছে। টি–টোয়েন্টির পাওয়ারপ্লেতে ২০–৩০ রানের ইনিংসও অনেক সময় কার্যকর হয়ে উঠতে পারে। কিন্তু সেই ২০–৩০ রানের ইনিংসটি কত বলে আসছে, সেই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কত, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে ধরনের ইনিংসের ওপর দাঁড়িয়েই পরের ব্যাটসম্যানরা দলের রানটাকে নিয়ে যেতে পারেন সম্মানজনক একটা জায়গায়। কিন্তু বাংলাদেশের ইনিংসের শুরুতে লিটন ভালো খেলতে না পারায় বাকি ব্যাটিংয়ের ওপর বাড়তি চাপ পড়ছে, যেটির প্রভাব পড়ছে দলের সংগ্রহে।

একটু এক বছর আগে ফিরে দেখুন না। এক বছর আগে তিনি খুব নিয়মিত বড় বড় ইনিংস খেলেছেন, ব্যাপারটি এমন নয়। কিন্তু ওই সময় তিনি দ্রুত রান তুলতেন। তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪০–এর কাছাকাছি। তার মানে তিনি বড় ইনিংস না খেললেও দলের একটা দ্রুতগতির শুরু এনে দিতেন। ছয় বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ বছর যেখানে তাঁর স্ট্রাইক রেট যেখানে ১৪০–এর আশপাশে ঘোরাফেরা করত, সেটিই এখন নেমে দাঁড়িয়েছে ১২৭–এ।

লিটন নিষ্প্রভ থাকায় পাওয়ার প্লেতে রান পাচ্ছে না বাংলাদেশ
ছবি: বিসিবি

ব্যাটিং কৌশলের ক্ষেত্রেও গল্পটা একই। লিটনের সেরা টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯-২০ মৌসুমে। তখন তিনি জাতীয় দল, বিপিএলের হয়ে ধারাবাহিকভাবে রান করছিলেন। তখন ব্যাটিং পাওয়ারপ্লেতে ৩০ গজে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলার প্রবণতা ছিল না। বরং তিনি ফিল্ডিংয়ের ফাঁকফোঁকর বের করে বাউন্ডারি খুঁজে নিতেন। এ বছর এসে লিটন চার-ছক্কার জন্য ঝুঁকিপূর্ণ পথটাই খুঁজে নিচ্ছেন।

এক বছর আগের লিটনকে এ মুহূর্তে বড় প্রয়োজন বাংলাদেশকে।