এক বছর না-খেলার ধুলো ঝেড়ে ফেলল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিমের ব্যাটে ছুটছে বাংলাদেশ
তামিমের ব্যাটে ছুটছে বাংলাদেশ

নাভিন-উল-হক অভিষেকের টুপি পরিয়ে দিলেন আফগানিস্তান অধিনায়ক আসগার স্টানিকজাই। আফগানিস্তানের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হওয়ার বাড়তি রোমাঞ্চটা অবশ্য মিইয়ে যেতে সময়ও লাগেনি তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বলটা দারুণ এক ফ্লিকে সীমানা ছাড়া করলেন তামিম ইকবাল।

তামিমের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের প্রদর্শনী এরপরও দেখা গেছে। তাঁর সঙ্গে জ্বলে উঠেছেন মাহমুদউল্লাহও। দুজনের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ বলে অলআউট হওয়া বাংলাদেশ তুলেছে ২৬৫ রান। গত নভেম্বরের পর প্রথম ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ প্রথম সুযোগেই ধুলো ঝেড়ে ফেলল। এই রান আফগানদের জন্য যথেষ্ট পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ হওয়ার কথা। তবে কিনা আফগানরা কখনো কখনো পাহাড় ডিঙানোর সাহসও দেখিয়ে ফেলে।

কবজির চোট থেকে ফেরা তামিমের সেঞ্চুরি না-পাওয়াটা এখন পর্যন্ত একমাত্র আক্ষেপ। ৮০ রানে আউট হয়েছেন তিনি। মাহমুদউল্লাহ করেছেন ৬২। সাকিব ৪৮ ও ইমরুল ৩৭। এই ​ইনিংসগুলো আড়াল না করলে সৌম্যের শূন্যের পাশাপাশি চোখে বিঁধত মুশফিকের ৬ রানে ফেরাটা। ২ রান করে ফেরা সাব্বির অবশ্য ভুল আম্পায়ারিংয়ের শিকার।

স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সৌম্য ফিরে গেলে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেন তামিম-ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৮৩। তামিম স্বচ্ছন্দে এগোলেও ইমরুলকে খানিকটা নড়বড়ে দেখা গেল। স্লিপে ইমরুলের দুটি ‘হাফ চান্স’ মোহাম্মদ নবী কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিপদেই পড়ত। অবশ্য নবীর বলেই ফিরেছেন ইমরুল।

ইমরুল ফিরলেও তামিম আরেকটি জুটি গড়েন মাহমুদউল্লাহর সঙ্গে। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৭৯ রান। আফগানদের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার পেছনে মূল অবদান রেখেছে এই দুটি জুটিই।

ওয়ানডেতে ২০১৫ সালটা স্বপ্নের মতো গেছে তামিম-মাহমুদউল্লাহর। গত বছরের ফর্মটা তাঁরা টেনে আনলেন এই বছরও। বছরের প্রথম ওয়ানডেতে ব্যাটটা চওড়া হয়ে উঠেছে দুই ব্যাটসম্যানের। তামিম পেয়েছেন ৩৩তম ওয়ানডে ফিফটি। রশিদ খানকে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি মেরে ছুঁয়েছেন ফিফটি। হাফ সেঞ্চুরির ২৮ রান এসেছে বাউন্ডারি থেকে। সাবলীল ব্যাটিংয়ে তামিম যেন জানান দিচ্ছিলেন তিন অঙ্ক ছোঁয়া তাঁর সময়ের ব্যাপার। কিন্তু মিরওয়াইস আশরাফকে লং-অন দিয়ে তুলে মারতে গিয়ে নাভিনের ক্যাচ হয়ে তামিমের দারুণ ইনিংসটির সমাপ্তি ৮০ রানে।

যখন ড্রেসিংরুমে ফিরছিলেন সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপটা বেশ স্পষ্ট বাঁহাতি ওপেনারের চোখেমুখে।

তামিমের মতো মাহমুদউল্লাহও হাফ সেঞ্চুরি করছেন বাউন্ডারি থেকে। অবশ্য ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি। নবীর বলে আউট হওয়ার আগে রান ৬২। শেষ দিকে সাকিব আল হাসান অবশ্য জোর চেষ্টা চালিয়েছেন স্কোরটা তিন শর কাছাকাছি নেওয়ার। জাদরানের বলে ফেরার আগে বাঁহাতি অলরাউন্ডারের রান ৪০ বলে ৪৮।

শুরুর দিকে উইকেট বাঁচিয়ে স্লগ ওভারে চড়াও হতে চেয়েছে সাত ব্যাটসম্যান নিয়ে খেলা বাংলাদেশ। শেষ ১০ ওভারে তারা তুলেছে ৬৯ রান, ৭ উইকেট হারিয়ে। স্লগ ওভারে ঝড় তোলাটা আবারও যেন শিখতে হবে বাংলাদেশকে।