এক বছর নিষিদ্ধ ইরফান
পাকিস্তান সুপার লিগ শুরু হতে না হতেই ধাক্কা হয়ে এসেছিল খবরটা—স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছেন শারজিল খান ও খালিদ লতিফ। এক ম্যাচ পরই সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় দুজনকে। পরে স্পট ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে নাম শোনা যায় শাহজাইব হাসান, জুলফিকার বাবর ও মোহাম্মদ ইরফানেরও। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিলেন ইরফান। কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বাঁহাতি এই পেসারকে।
ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে নয়, বাজিকরদের প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় এই শাস্তি পেয়েছেন ইরফান। বাবা-মায়ের মৃত্যু ও মানসিকভাবে ভেঙে পড়াতেই নাকি এ নিয়ে কথা বলেননি ইরফান। কাল লাহোরে সংবাদ সম্মেলনে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন ইতিহাসের সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটার, ‘আমি ভুল স্বীকার করে নিচ্ছি। আমাকে দুবার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি তাতে রাজি হইনি। আমার ভুল ছিল সেটা বোর্ডের দুর্নীতিবিরোধী অংশকে না জানানো। এ ভুলের জন্য যদি কারও ক্ষতি হয়ে থাকে, তবে পুরো দেশের কাছে ক্ষমা চাচ্ছি।’
পিএসএলে ফিক্সিংয়ের ঘটনায় শারজিল ও লতিফকে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়। যুক্তরাজ্য পুলিশও একই অভিযোগে গ্রেপ্তার করে ওপেনার নাসির জামশেদকে। পরে অবশ্য তাঁকে এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়। কিন্তু সবার আগে শাস্তি জুটল ইরফানের। সূত্র: এএফপি।