এক বছর নিষিদ্ধ হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ধরা পড়লে এক বছরের নিষেধাজ্ঞা—মাথার ওপরে এই খাঁড়া নিয়েই গত এপ্রিলে অ্যাকশন শুধরে বোলিংয়ে ফিরেছিলেন মোহাম্মদ হাফিজ। দুই মাসও গেল না, পাকিস্তানের অফ স্পিনারের বিরুদ্ধে আবারও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ। চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত গবেষণাগারে পরীক্ষায়ও প্রমাণ মিলল, হাফিজের কনুই বেঁকে যাচ্ছে ১৫ ডিগ্রির বেশি। অনুমিতভাবেই জুটল এক বছরের নিষেধাজ্ঞা। গত শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসি বলেছে, হাফিজ চাইলে আপিল করতে পারেন।
গত মাসে গল টেস্টে দ্বিতীয়বারের মতো অভিযোগ ওঠে পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে। এরপর কলম্বোর দ্বিতীয় টেস্টটা খেললেও পরীক্ষা দিতে চেন্নাই যাওয়ায় খেলা হয়নি শেষ টেস্টে। চেন্নাই থেকে ফিরে বোলিং করেছেন প্রথম দুই ওয়ানডেতেও। গত ডিসেম্বরে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা পাওয়া হাফিজ ওই দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ক্রিকইনফো।