এক বছর পর মিসবাহর মনে হলো, দুই দায়িত্ব আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মিসবাহ-উল-হক।
ছবি: এএফপি

প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দুই দায়িত্ব একসঙ্গে নিয়ে গত বছরের সেপ্টেম্বরে যখন পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন মিসবাহ-উল-হক, সমালোচনা তখন থেকেই। সাবেক খেলোয়াড়রা সমালোচনা করেছেন, বিশ্লেষকেরা করেছেন। এখনো থামেনি সে সমালোচনা। গত জুনে ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরই পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছিল, মিসবাহর পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চায়।

পিসিবি সরাতে হয়নি, তার আগেই আজ প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে গেলেন মিসবাহ। দায়িত্ব নেওয়ার এক বছরেরও কিছু বেশি সময় পার হওয়ার পর মিসবাহর মনে হয়েছে, দুই দায়িত্ব আর নয়। আজ পাকিস্তান সময় দুপুর সোয়া একটায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিসবাহ। প্রধান নির্বাচকের পদ ছাড়লেও প্রধান কোচ হিসেবে কাজ করে যাবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উল্লেখ করে আজ পাকিস্তানের জিও নিউজ এ খবর জানিয়েছে। পাশাপাশি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোও জানায়, প্রধান নির্বাচকের দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন মিসবাহ। পিসিবির টুইটারও কিছুক্ষণ আগে সেটি নিশ্চিত করেছে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? পিসিবির নতুন আচরণবিধি বা কোড অব কন্ডাক্টের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে মিসবাহকে। ক্রিকইনফো জানাচ্ছে, নতুন আচরণবিধিতে স্বার্থের সংঘাত ঘটায়, এমন কিছু থাকতে পারবে না। মিসবাহর ক্ষেত্রে পাকিস্তানের ছেলেদের দলের প্রধান কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচক হওয়াও স্বার্থের সংঘাতের সংজ্ঞাতেই পড়ে।

মিসবাহ অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কোচিংয়ে আরও মনোযোগ দিতেই তাঁর সরে যাওয়া।

মিসবাহ যে একটি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, সেটি অবশ্য পাকিস্তানের অনেকের কাছেই প্রশংসিত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিশ্লেষক সিকান্দার বখ্‌ত এটিকে ‘ইতিবাচক ইউ-টার্ন’ জানিয়ে বলেছেন, ‘বলা হয়, জ্ঞানী লোকেরা (ভুল থেকে) পিছু ফিরে আসেন। আর আমার কাছে মনে হচ্ছে, দেরিতে হলেও মিসবাহ ঠিক পদক্ষেপই নিয়েছেন। এক বছর ধরেই এটা (মিসবাহর যেকোনো একটি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা) বলে আসছিলাম আমরা।’

মিসবাহর এই সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির পৃষ্ঠপোষক ইমরান খান খুশি হবেন বলেও মনে হয়েছে সিকান্দারের। পাশাপাশি মিসবাহকে শুরু থেকে দুই দায়িত্ব দেওয়ায় পিসিবির সমালোচনাও করেছেন।

গত বছরের ৪ সেপ্টেম্বর বলতে গেলে পাকিস্তান ক্রিকেটের একক কর্তৃত্ব দিয়েই মিসবাহকে এনেছিল পিসিবি। এরপর থেকে পাকিস্তানের পারফরম্যান্স অবশ্য ভালো-মন্দের মিশেলেই কেটেছে। ৯টি টেস্টের মধ্যে পাকিস্তান জিতেছে দুটিতে, হেরেছে তিনটি, ড্র তিনটি। বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট বাতিল হয়েছে করোনাভাইরাসের কারণে।

ইংল্যান্ড সফরই হয়ে থাকছে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে মিসবাহর শেষ।
ছবি: সংগৃহীত

ওয়ানডেতে অবশ্য শতভাগ সাফল্য। খেলেছে দুটি, শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে সেই দুটি ম্যাচেই জিতেছে পাকিস্তান। পাঁচটি ম্যাচ বাতিল বা পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টিতে অবশ্য এখন পর্যন্ত ১৪ ম্যাচের যে ৯টি ফল দেখেছে, তার মধ্যে তিনটিতে জিতেছে পাকিস্তান, হেরেছে ছয়টিতে।

এই বছরের মে মাসেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান গত জুনে ইংল্যান্ড সফরে তিন টি-টোয়েন্টির সিরিজে কোনোরকমে ১-১ ড্র করেছে। ওই সফরে তিন টেস্টের সিরিজও হেরেছে ১-০ ব্যবধানে। ওই সফরের পর টি-টোয়েন্টিতে পাকিস্তানের র‍্যাঙ্কিং ছিল চার নম্বরে, টেস্টে সপ্তম, ওয়ানডেতে ষষ্ঠ।

ইংল্যান্ড থেকে আসার পরই মিসবাহর পারফরম্যান্সের ব্যাখ্যা চাইতে সভা ডেকেছিল বোর্ড। পিসিবি চেয়ারম্যান এহসান মানি তখন বলেছিলেন, ‘আমি দায়িত্বে থাকা লোককে ক্ষমতা দেওয়ায় বিশ্বাস করি, নির্দিষ্ট করে বললে সে কারণেই মিসবাহকে পুরো কর্তৃত্ব ও সহযোগিতা করা হয়েছিল। কিন্তু একই সঙ্গে তাঁকে দায়ও নিতে হবে।’

তখনই গুঞ্জন উঠেছিল, মিসবাহ প্রধান নির্বাচকের দায়িত্বে আর থাকছেন না। সেটি নিশ্চিত হলো আজ। তাঁর বদলে কে আসবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে গত জুনে সংবাদ সংস্থা পিটিআই কারও নাম প্রকাশ না করলেও জানিয়েছিল, প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক এক তারকা ফাস্ট বোলার।

সেই ফাস্ট বোলার কে? বাজারে গুঞ্জন, নামটা শোয়েব আখতার।