এক বছরে দুই আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বরেও দেখা যেতে পারে আইপিএল। ছবি: বিসিসিআই।
সেপ্টেম্বরেও দেখা যেতে পারে আইপিএল। ছবি: বিসিসিআই।

এপ্রিলে আইপিএল চলার সময় একটা প্রশ্ন বেশ জোরেশোরেই উঠেছিল, টি-টোয়েন্টি কি বেশি বেশি হয়ে যাচ্ছে?

বছরের শুরু থেকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ...এর পরপরই আইপিএল। সব মিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটটা একটু বেশি হয়ে যাচ্ছিল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটাকে অনেকের চোখে তখন মনে হচ্ছিল ‘বিরিয়ানির ওভারডোজ’। মাঠে দর্শকের কমতিও ছিল চোখে পড়ার মতো। এ কারণেই হয়তো কিছুটা চমক হয়ে এসেছে বিসিসিআই-এর সিদ্ধান্তটা। টি-টোয়েন্টির আধিক্যের মধ্যেই সেপ্টেম্বরে হচ্ছে আরেকটি ‘মিনি আইপিএল’!

প্রতি বছরের সেপ্টেম্বরে হবে এই আয়োজন। সবগুলোই ভারতের বাইরে। এ জন্য টুর্নামেন্টটিকে বলা হচ্ছে, ‘মিনি আইপিএল’ বা ‘আইপিএল ওভারসিজ’!

আজ ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ছিলেন এই সভায়। কবে হবে, ফরম্যাট কী হবে, সেসব ব্যাপার এখনো চূড়ান্ত হয়নি। তবে সভাশেষে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে আট দলের অংশগ্রহণে মিনি আইপিএল বা আইপিএল ওভারসিজ আয়োজন করবে বিসিসিআই। এটা ছোট সংস্করণে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচও অনেক কম হবে। দুই সপ্তাহের মধ্যেই শেষ হবে টুর্নামেন্ট।’

আগে সেপ্টেম্বরে হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ চ্যাম্পিয়ন ও সেরা দলগুলো নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি গত বছর বাতিল হয়ে যায়। এরপর থেকেই সেপ্টেম্বরে ছোট আকারে আইপিএল করার ভাবনাটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই বছরও সেপ্টেম্বরে ভারতীয় দলের কোনো খেলা নেই। সময়টাকে তাই কাজে লাগাতে চাইছে বিসিসিআই। সূত্র: ক্রিকইনফো।