এক বিশ্বকাপে আমির, পরেরটায় ফকির!

৫১ বলে অপরাজিত ৭৩—শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের রান। মনে হয়েছিল ২০১৫ বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, ২০১৯ বিশ্বকাপ সেখানে থেকেই শুরু করলেন নিউজিল্যান্ড ওপেনার। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। ২০১৫ বিশ্বকাপের সবচেয়ে বেশি রানের মালিক এরপর যে রান করতেই ভুলে গেলেন। ২৫, ০, ৩৫, ০, ৫, ২০ ও ৮ রানের পর কাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১। শেষ আট ইনিংসে মোটে ৯৪ রান! প্রথম ম্যাচসহ এবারের বিশ্বকাপে ২০.৮৭ গড়ে ১৬৭ রান করেছেন গাপটিল।
তাঁর আর দোষ কী! বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তো শুধু পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেছেন। ১৯৭৫ সালের গ্লেন টার্নার থেকে শুরু করে গাপটিল—বেশির ভাগ বিশ্বকাপের সবচেয়ে বেশি রানের মালিক পরের বিশ্বকাপে রান করেছেন অনেক কম। ‘সব কটি বিশ্বকাপ’ লেখা গেল না ১৯৮৩, ১৯৯২ ও ২০০৭ বিশ্বকাপের শীর্ষ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার, মার্টিন ক্রো ও ম্যাথু হেইডেন পরের বিশ্বকাপে না থাকায়।
আগের বিশ্বকাপ থেকে বেশি রান না করলেও অবশ্য গাপটিলের মতো এতটা বাজে কাটেনি অন্যদের। গাপটিল গত বিশ্বকাপের চেয়ে এবার ৩৮০ রান কম করেছেন। ২০.৮৭—এবারের বিশ্বকাপে কিউই ব্যাটসম্যানের ব্যাটিং গড়টাই তো সব বলে দিচ্ছে। ২০১৫ বিশ্বকাপের চেয়ে গাপটিলের এবারের গড় প্রায় ৪৭.৫০ কম। ধপাস করে পতনে নিউজিল্যান্ডের ওপেনারের সঙ্গে এক পঙ্ক্তিতে থাকতে পারেন শুধু গ্রাহাম গুচ। ১৯৮৭ বিশ্বকাপে ৪৭১ রান করে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সেই গুচ ২৭.০০ গড়ে করলেন কিনা মাত্র ২১৬ রান।
২০০৭ বিশ্বকাপের শচীন টেন্ডুলকারকেও বসানো যায় গাপটিল-গুচের পাশে। ২০০৩ বিশ্বকাপে ৬১.১৮ গড়ে রেকর্ড ৬৭৩ রান করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই টেন্ডুলকার ২০০৭ বিশ্বকাপে তিন ম্যাচে ৩২.০০ গড়ে করেছিলেন মাত্র ৬৪ রান। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ছিলেন ১৯৯৬ বিশ্বকাপেও। সাত ইনিংসে ৮৭.১৬ গড়ে ৫২৩ রান করেছিলেন টেন্ডুলকার। পরের বিশ্বকাপে সেই টেন্ডুলকার সাত ইনিংসেই করলেন মাত্র ২৫৩ রান। গড়টা অবশ্য ভালোই ছিল—৪২.১৬।
সেরা ব্যাটসম্যানদের পরের বিশ্বকাপ
| বিশ্বকাপ | রান | গড় |
গ্লেন টার্নার | ১৯৭৫ | ৩৩৩ | ১৬৬.৫০ |
নিউজিল্যান্ড | ১৯৭৯ | ১৭৬ | ৮৮.০০ |
গর্ডন গ্রিনিজ | ১৯৭৯ | ২৫৩ | ৮৪.৩৩ |
উইন্ডিজ | ১৯৮৩ | ২৫০ | ৪১.৬৬ |
ডেভিড গাওয়ার | ১৯৮৩ | ৩৮৪ | ৭৬.৮০ |
ইংল্যান্ড | ১৯৮৭ | দলে ছিলেন না | - |
গ্রাহাম গুচ | ১৯৮৭ | ৪৭১ | ৫৮.৮৭ |
ইংল্যান্ড | ১৯৯২ | ২১৬ | ২৭.০০ |
মার্টিন ক্রো | ১৯৯২ | ৪৫৬ | ১১৪.০০ |
নিউজিল্যান্ড | ১৯৯৬ | দলে ছিলেন না | - |
শচীন টেন্ডুলকার | ১৯৯৬ | ৫২৩ | ৮৭.১৬ |
ভারত | ১৯৯৯ | ২৫৩ | ৪২.১৬ |
রাহুল দ্রাবিড় | ১৯৯৯ | ৪৬১ | ৬৫.৮৫ |
ভারত | ২০০৩ | ৩১৮ | ৬৩.৬০ |
শচীন টেন্ডুলকার | ২০০৩ | ৬৭৩ | ৬১.১৮ |
ভারত | ২০০৭ | ৬৪ | ৩২.০০ |
ম্যাথু হেইডেন | ২০০৭ | ৬৫৯ | ৭৩.২২ |
অস্ট্রেলিয়া | ২০১১ | দলে ছিলেন না | - |
তিলকরত্নে দিলশান | ২০১১ | ৫০০ | ৬২.৫০ |
শ্রীলঙ্কা | ২০১৫ | ৩৯৫ | ৬৫.৮৩ |
মার্টিন গাপটিল | ২০১৫ | ৫৪৭ | ৬৮.৩৭ |
নিউজিল্যান্ড | ২০১৯ | ১৬৭ | ২০.৮৭ |