এক ব্যাটে সাকিব, মুশফিক, দুর্জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপির কীর্তিমান ক্রিকেটারদের ধারণ করেছে এই ব্যাট। ছবি: রাশেদুল ইসলাম
বিকেএসপির কীর্তিমান ক্রিকেটারদের ধারণ করেছে এই ব্যাট। ছবি: রাশেদুল ইসলাম

সাভারের অদূরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রবেশ করলেই চোখে পড়বে বেশ বড় একটি ক্রিকেট ব্যাট। ১ নম্বর ক্রিকেট মাঠে বসানো সেই ব্যাটের পোশাকি নাম ‘ক্রিকেট স্টারস অব বিকেএসপি’। প্রতিষ্ঠানটি থেকে উঠে আসা তারকা ক্রিকেটারদের এক লহমায় দেখে নিতে চাইলে তাকাতে হবে এই ব্যাটে!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, আছেন নাসির হোসেন, সৌম্য সরকারসহ দেশের নামীদামি প্রায় সব তারকাই। না, রক্তমাংসের মানুষ নন, শুধু মুখচ্ছবি। যেখানে আছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও। তিনি বিকেএসপির প্রথম ব্যাচের ক্রিকেট বিভাগের ছাত্র। আসলে কীর্তিমান ছাত্রছাত্রীদের সম্মান দিতেই বিশাল এই ব্যাটে তাঁদের হাসিমুখ ধরে রেখেছে খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে খ্যাত বিকেএসপি।

দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ব্যাটটি তৈরি করেছিল ক্লেমন। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সমর্থকদের অটোগ্রাফ সংগ্রহ করা হতো ব্যাটে। সব শেষে এই ব্যাটের ঠিকানা হয় বিকেএসপি এবং এখন তা প্রতিষ্ঠানটির স্থায়ী অলংকার।

বিকেএসপি যে ব্যাটটির সর্বোচ্চ ব্যবহার করেছে, তা নিয়ে কোনো প্রশ্ন চলে না। ক্রিকেট বিভাগের যে সব ছাত্রছাত্রী দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের সবার ছবি ধারণ করেছে এই ব্যাট। আছেন শারমিন আক্তার সুপ্তাসহ আরও কয়েকজন নারী ক্রিকেট তারকাও। এই ব্যাট কচি-কাঁচাদের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার প্রেরণা বলে মনে করেন কোচ আখিনুর জামান, ‘নতুন ছেলে-মেয়েরা এসেই যদি দেখে এই মাঠে খেলেই তারকা হয়েছেন সাকিব, মুশফিকেরা। তখন ওরা অনেক বেশি অনুপ্রাণিত হয়। মূলত তাদের কথা ভেবেই ব্যাটে কৃতী ছাত্রদের ছবি লাগানো।’
কোচ আখিনুরের হাতেই তৈরি হয়েছেন ওপেনার সৌম্য। আরও অনেকেই তৈরি হচ্ছেন। প্রতিদিন সকালে এই ব্যাটে জ্বলজ্বলে নক্ষত্ররাজির দিকে তাকিয়েই যে শুরু হয় তাঁদের স্বপ্ন বোনা, সে কথা না বললেও চলে।