বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ চলছে। বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলছে প্রাইম ব্যাংক। পাশের মাঠেই শেখ জামাল লড়ছে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। দুটি ম্যাচেই উঁকি দিচ্ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের শতকের সম্ভাবনা।
দৌড়ে এগিয়ে ছিলেন এনামুল হক। চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়ে উদ্বাহু হলেন প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান। ১০৮ বল খেলে এনামুল তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম শতক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত ১২৫ বল খেলে ১২৭ রান করে ফরহাদ রেজার বলে আউট হন এনামুল। ৮টি চার ও ৮টি ছক্কায় সেজেছে এনামুলের ইনিংস।
এনামুলের সঙ্গী নাসির হোসেনও পিছিয়ে ছিলেন না। এনামুলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১৯৬ রান যোগ করেন নাসির। নিজেও ততক্ষনে ৯০-এর ঘরে পৌঁছে যান।
পাশের মাঠেই শেখ জামালের হয়ে তিনে খেলতে নামা ইমরুল কায়েসও ৯০ ছাড়িয়ে এগোচ্ছিলেন শতকের দিকে। নাসির নাকি ইমরুল—দুজনের মধ্যে কে আগে তিন অংক স্পর্শ করবেন সেই প্রতিযোগিতাই যেন হচ্ছিল বিকেএসপির দুই মাঠে।
শেষ পর্যন্ত ইমরুলই জিতলেন। ইনিংসের ৪১তম ওভারে মেহেদী হাসানের বল থেকে লং অনে দৌড়ে এক রান নিয়ে ১২৭ বলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম শতক স্পর্শ করেন এই বাঁহাতি।
৭৮ স্ট্রাইক রেটে শতক করলেও সেটি অবশ্য পরে কিছুটা পুষিয়ে দিয়েছেন দ্রুত কিছু রান যোগ করেন। রূপগঞ্জের ভারতীয় ক্রিকেটার চিরাগ জানির বলে বোল্ড হওয়ার আগে ১৩৯ বলে ১২২ রান করেন ইমরুল। ১৩টি চার ও ১টি ছক্কা ছিল ইমরুলের ইনিংসে।
দেরিতে হলেও শতক ঠিকই ছুঁয়েছেন নাসির। ইনিংসের ৪২তম ওভারে ফরহাদ রেজার বলে থার্ড ম্যাচে চার মেরে ১০১ বলে অষ্টম লিস্ট ‘এ’ শতক স্পর্শ করেন নাসির। ১৩টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল নাসিরের ইনিংসটি। এরপরই পানিশূন্যতায় পায়ের পেশিতে টান লাগায় স্বেচ্ছা অবসরে যান নাসির। মাঠ ছাড়ার আগে তিনি ১০২ বল খেলে ১০৪ রান করেন।