এক ম্যাচ আগেই সিরিজ কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেমে গেলেন কেন উইলিয়ামসন, ৪ রানের জন্য সেঞ্চুরি হলো না রস টেলরের। ডানেডিনে কাল শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এই দুই কিউই ব্যাটসম্যানকে সেঞ্চুরিবঞ্চিত রাখা! বাকি গল্পটা আগের ওয়ানডেগুলোর মতোই। নিউজিল্যান্ডের ৩১৫ রান তাড়া করতে নেমে ৫৭ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা থেমে গেল ১৯৫ রানে। আরও একটা হার। ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে নিউজিল্যান্ড কাল নিশ্চিত করে নিল সিরিজ জয়ও। কারণ সাত ওয়ানডের সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, শেষ ম্যাচটি হবে ২৯ জানুয়ারি।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটাকে নিজেদের দারুণ ছন্দে বাঁধার মঞ্চ হিসেবেই কাজে লাগাচ্ছেন কিউই ব্যাটসম্যানরা। আগের ম্যাচে দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান লুক রনকি আর গ্রান্ট এলিয়ট তাণ্ডব চালিয়েছিলেন শ্রীলঙ্কান বোলারদের ওপর। কাল উলিয়ামসন আর টেলর ঠিক ঝড় না তুললেও তৃতীয় উইকেটে দুজনের ১১৭ রানের জুটিটাই বড় রানের ভিত গড়ে দেয় নিউজিল্যান্ডকে। ১৫তম ওভারে ২৭ রানে থাকা উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন তিলকরত্নে দিলশান। সেটার বড় মূল্যই দিতে হয়েছে শ্রীলঙ্কাকে। শেষ দিকে নেমে ১৪ বলে ২১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এলিয়টও। পরে বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক কোরি অ্যান্ডারসন।
তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ধসের মধ্যে একাই যা লড়েছেন কুমার সাঙ্গাকারা। ট্রেন্ট বোল্টের বলে ড্যানিয়েল ভেটোরির হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৬৬ বলে ৮১ রান করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এতে শুধু ব্যবধানই কমেছে, নিউজিল্যান্ডের জয় ঠেকানো যায়নি। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৫/৮ (গাপটিল ২৮, ম্যাককালাম ০, উইলিয়ামসন ৯৭, টেলর ৯৬, অ্যান্ডারসন ৪০, রনকি ১৩, এলিয়ট ২১*, ভেট্টোরি ৩, মিলস ০; প্রসাদ ২/৫৯, দিলশান ১/৪২, হেরাথ ১/৪৫, পেরেরা ১/৮৬)।
শ্রীলঙ্কা: ৪০.৩ ওভারে ১৯৫ (থিরিমান্নে ২৯, দিলশান ২১, সাঙ্গাকারা ৮১, জয়াবর্ধনে ৯, করুনারত্নে ২৬, চান্ডিমাল ৯, মেন্ডিস ৩, পেরেরা ২, প্রসাদ ২, হেরাথ ১*, লাকমল ৩; অ্যান্ডারসন ৪/৫২, ম্যাকলেনাহান ২/২৯, বোল্ট ১/৩১)।
ফল: নিউজিল্যান্ড ১২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কোরি অ্যান্ডারসন।