এক ম্যাচ জিতেই সিরিজ পাকিস্তানের
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতেই ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সিরিজ শুরুর ঠিক আগে পাকিস্তানিরা জানল পাঁচ নয়, সিরিজে ম্যাচ হবে চারটি। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে একটি ম্যাচ করোনায় পিছিয়ে যাওয়ার সৃষ্ট সূচি বিপর্যয় সামাল দিতেই এই পরিবর্তন। কিন্তু সেই সিরিজে দুদল খেলতে পারল মাত্র একটি ম্যাচ! তিনটি ম্যাচই যে খেয়ে নিয়েছে বৃষ্টি।
সর্বশেষ আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটিও পড়েছে বৃষ্টির বাধায়। গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ৩ ওভারে ৩০ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ম্যাচ আর শুরু করা যায়নি। বৃষ্টির বাধায় শেষ হতে পারেনি প্রথম ও তৃতীয় ম্যাচটিও। শেষ হতে পারা একমাত্র ম্যাচে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের সেই জয়ই সিরিজ জিতিয়ে দিয়েছে বাবর আজমদের।
দুদল এখন মনোযোগ দেবে টেস্টে। ১২ আগস্ট কিংস্টনে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ আগস্ট থেকে।