এক ম্যাচ নিষিদ্ধ রূপগঞ্জের দুই খেলোয়াড়
গুঞ্জনটা শোনা গিয়েছিল গত সোমবার ফতুল্লায় কলাবাগান ক্রীড়াচক্র-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ শেষ হওয়ার পরই। আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে জরিমানা করা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ, অধিনায়কসহ চারজনকে। কিন্তু পরে ম্যাচ রেফারি সামিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে জরিমানার খবর অস্বীকার করে তিনি বলেছিলেন, শাস্তি দেওয়ার কোনো ঘটনাই নাকি ঘটেনি।
অথচ কাল ম্যাচের তিন দিন পর সিসিডিএম রূপগঞ্জকে চিঠি দিয়ে জানাল, ওই চারজনকে ২০ হাজার টাকা করে জরিমানা তো করা হয়েছেই, দুই খেলোয়াড় মোশাররফ ও মিঠুনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে !
ম্যাচের দিন কাউকে শাস্তি দেওয়া হয়নি বললেও কাল অন্য দাবি করলেন ম্যাচ রেফারি, ‘রূপগঞ্জকে সেদিনই চারটি চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা সেগুলো গ্রহণ করেনি। এরপর আমি কাল (পরশু) চিঠি দিয়ে বিষয়টি আম্পায়ার্স কমিটিকে জানাই। আম্পায়ার্স কমিটি পরে সিসিডিএমকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে।’ তবে এই দাবি অস্বীকার করে রূপগঞ্জ ম্যানেজার সেলিম শাহেদ বলেছেন, ম্যাচের দিন শুনানি হলেও কাউকে শাস্তি দেননি ম্যাচ রেফারি। অবশ্য এসব ক্ষেত্রে ম্যাচ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো যায় বলে জানিয়েছেন সামিউর রহমান। মজার ব্যাপার হলো দুই খেলোয়াড় ও কোচ খালেদ মাসুদের সঙ্গে রূপগঞ্জের যে কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই আহমেদ রুবেল অন্য একটি ঘটনায় আগে থেকেই মাঠে অবাঞ্ছিত হয়ে আছেন। কাগজ-কলমে তাই তিনি রূপগঞ্জের কর্মকর্তাই নন।
রূপগঞ্জের ইনিংসে সেদিন বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন দুই আম্পায়ার আসাদুর রহমান ও রফিকুল ইসলাম। ইনিংস শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আম্পায়াররা রূপগঞ্জের খেলোয়াড় ও কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। অধিনায়কসহ দুই খেলোয়াড় নিষিদ্ধ হওয়ায় কিছুটা বিপাকেই পড়ল ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সুপার লিগে ওঠার লড়াইয়ে থাকা রূপগঞ্জ।