এক ম্যাচ পরই অন্য ধোনি

জীবন কত দ্রুত বদলে যায়! মাত্র দুই দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। ধোনি ফুরিয়ে গেছেন বলে যাঁরা সমালোচনামুখর ছিলেন, তাঁদের জবাব দিয়েছিলেন এই বলে, ‘আমি যেন পুরোনো ওয়াইন।’ ওয়াইন যত পুরোনো ততই সুপেয় হয়। কিন্তু ধোনি নামের ‘পুরোনো ওয়াইন’ পরের ম্যাচেই কেমন যেন বিস্বাদ উপহার দিলেন।
সেই একই ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পরশু চতুর্থ ওয়ানডেতেও ফিফটি করেছেন। আউট হয়েছেন ৫৪ রান করে। ম্যাচেরই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটা। সর্বোচ্চ ৬০ রান করেছেন ওপেনার অজিঙ্কা রাহানে। তবে ধোনির এই ফিফটিই সমালোচনার খোরাক জুগিয়েছে। ৫৪ রান করেছেন ১১৪ বলে। ইনিংসের একমাত্র বাউন্ডারিটি মেরেছেন মুখোমুখি হওয়া ১০৩তম বলে। ফিফটি এসেছে ১০৮ বলে। ভারতের সাবেক অধিনায়কের ৭৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে যেটি মন্থরতম। ভারতের ওয়ানডে ইতিহাসেও এটি মন্থরতম ফিফটি। এর আগে রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলীর। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৫ বলে ফিফটি করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ম্যাচটিতে ৪ উইকেটে হেরেছিল ভারত।
বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া প্রথম ম্যাচে ব্যাটিংই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচে রান তাড়া করতে গিয়ে হেরেছে দল। টানা চতুর্থ ম্যাচে টস জেতেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এবার আগে ব্যাটিং নেন। তবে ব্যাটিংয়ের দৈন্য দশা কাটেনি। ওপেনার এভিন লুইস ও কাইল হোপের ৩৫ রানের দুটি ইনিংসে স্কোর বোর্ডে ৯ উইকেটে ১৮৯ জমা করতে পারে স্বাগতিকেরা। ছোট্ট এই পুঁজি নিয়েই ১১ রানের জয় তুলে পাঁচ ম্যাচের সিরিজ বাঁচিয়ে রেখেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ফিফটি নেই কোনো ব্যাটসম্যানের। ভারতের ইনিংসে দুটি ফিফটি। তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন হার্দিক পান্ডিয়া। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন ধোনি। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪ রান, হাতে দুটি উইকেট। প্রথম ও চতুর্থ বলে উইকেট দুটি তুলে নেন হোল্ডার। ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন ক্যারিবীয় অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ভারতজুড়ে ধোনির মন্থর ব্যাটিংয়ের সমালোচনা চলছে। তবে ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি সিনিয়র সতীর্থের ব্যাটিংয়ের প্রসঙ্গটি তোলেনইনি। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসাটাকেই কারণ হিসেবে দেখিয়েছেন তিনি, ‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যেভাবে চাপ তৈরি করেছে তাতে তাদের কৃতিত্ব দিতে হবে।’ সূত্র: টেন থ্রি, এএফপি।
১১ বছর পর
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে, অথচ স্কোরবোর্ডে ২০০ রানের কম উঠেছে এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ২০০৬ সালে। কিংস্টনে সেবার ভারতের বিপক্ষে ৯ উইকেটে ১৯৮ রান করেছিল তারা। ম্যাচটি জিতেছিল ২ রানে। সেই ম্যাচের পর গত পরশুই প্রথম ২০০ রানের নিচের লক্ষ্য তাড়া করে জিততে পারল না ভারত।
১৯ বছরে প্রথম
গত ১৯ বছরে এই প্রথম ১৯০ বা এর নিচের লক্ষ্য তাড়া করে ওয়ানডে ম্যাচে হেরেছে ভারত। ১৯৯৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ১৭২ রান তাড়া করতে নেমে ১৬৩ রানে অলআউট হয়েছিল তারা। ম্যাচটি ছিল ৩৬ ওভারের।
তৃতীয়
২০১৫ সাল থেকে খেলা ৪০টি ওয়ানডেতে এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ১০ ওভারের চেয়ে বেশি সময় উইকেটে থাকতে পেরেছে। ১১ ম্যাচ পর ৫০ বা তার চেয়ে বেশি রানের ওপেনিং জুটি গড়ল উইন্ডিজ। কাইল হোপ ও এভিন লুইস মিলে পরশু ১৭.২ ওভারে তুলেছেন ৫৭ রান।
শচীন-শেবাগের পর রাহানে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে চার ম্যাচে চারটি ফিফটি করেছেন অজিঙ্কা রাহানে। যার একটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। দ্বিপাক্ষিক কোনো সিরিজে চারটি ফিফটি করা ভারতের তৃতীয় ওপেনার রাহানে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজে শচীন টেন্ডুলকার আর পরের বছর বীরেন্দর শেবাগও একই দলের বিপক্ষে গড়েছিলেন এই কীর্তি।
সূত্র: ক্রিকইনফো