এক ম্যাচে 'দুই' সাকিব

সাকিব আল হাসানের দুই রকম ছবিই দেখা হয়ে গেল। একটিতে ভীষণ রাগী। ক্রিকেট মাঠের সভ্যতাবিবর্জিত। অন্যটিতে নাচের মুদ্রায় ড্যারেন সামিকে সংগত দেওয়ার।
খারাপ খেললে সাকিবের ভালো লাগে না। তাঁর ভাষায়, ‘...কেমন লাগে সেটা আমিই কেবল জানি।’ বিপিএলে সেই বিষাদের পর্বটা সীমিত হলো। পরশু থেকেই উড়ছেন সাকিব। উড়লেন কালও। অলরাউন্ড নৈপুণ্যে আরও একবার দলকে জিতিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নায়ক। এবার শিকার সিলেট সুপার স্টারস। সাকিবের দল রংপুর রাইডার্সের ১০৯ রান তাড়া করে চার বল বাকি থাকতে ১০৩ রানে অলআউট মুশফিকুর রহিমের সিলেট। প্রথম দুই ম্যাচে ১ রানে হারার পর কালকের ৬ রানের হার সিলেটের হাহাকার আরও বাড়িয়েছে।
মুশফিকের নিজের পারফরম্যান্স অবশ্য দলের চেয়ে কিছুটা ভালো। উইকেটের পেছনে তিন ম্যাচে নিয়েছেন ছয় ক্যাচ। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই বোল্ড, তবে আশা-জাগানিয়া ছিল প্রথম ম্যাচের ৩৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস। সমান বল খেলে কালও অপরাজিত, কিন্তু রানটা এবার কম—২৫। শেষ ওভার পর্যন্ত সিলেটের আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন অধিনায়কই।
তবে ক্ষণিকের জন্য আলোই একটু জ্বলল, সিলেটের প্রথম জয়ের আশা পূরণ হলো না। সেটির দায় কিছুটা মুশফিকেরও। শেষ ৭ বলে জেতার জন্য ৮ রান দরকার ছিল, হাতে ১ উইকেট। স্যামির করা ১৯তম ওভারের শেষ বলে স্ট্রাইকে অজন্তা মেন্ডিস। ওই বলে রান না নিলে শেষ ওভারে স্ট্রাইকে থাকতে পারতেন মুশফিক। ১ ওভারে ৮ রান করার চেষ্টায় মেন্ডিসের চেয়ে তাঁর সফল হওয়ার সম্ভাবনাই তো বেশি থাকে! কিন্তু মুশফিক শেষ ব্যাটসম্যান মেন্ডিসের সঙ্গে প্রান্ত বদলে ফেললেন শেষ বলে। ৬ বলে ৭ রানের লড়াইয়ে কোনো চেষ্টাই করতে পারলেন না ওই শ্রীলঙ্কান। আবু জায়েদের দ্বিতীয় বলে লং অনে সচিত্রা সেনানায়েকেকে ক্যাচ দিয়ে সিলেটের ইনিংসের যবনিকা টানলেন। সাকিবের কয়েক সেকেন্ডের আনন্দমুখর নাচটা তখনই।
তার আগ পর্যন্ত রংপুর অধিনায়ক কতটা টেনশনে ছিলেন, সেটা বোঝা গেছে সিলেটের ইনিংসের ১৩তম ওভারে। থিসারা পেরেরার শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আপিল। আম্পায়ার তানভীর আহমেদ সায় না দিলে সাকিব ক্ষুব্ধ হয়ে ওঠেন। আম্পায়ারের মুখের ওপর গিয়ে কিছু বলেন এবং সেটা যে মোটেও ভালো কিছু ছিল না তা স্পষ্ট তানভীরের প্রতিক্রিয়ায়। পরে দূরে গিয়ে হাত দিয়ে দেখানো অশোভন ভঙ্গিটাও পরিষ্কার ধরা পড়েছে ক্যামেরায়।
ম্যাচের এ অংশটুকু ছাড়া বিপিএলের কালকের দিনটাও ছিল সাকিবময়। ৯ উইকেটে ১০৯ রানের ইনিংসের প্রাণশক্তিই তাঁর ৩৭ বলে ৩৩। নাসুম আহমেদের বলে টুর্নামেন্টে নিজের প্রথম ছক্কাটাও এই ইনিংসেই। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গ উঠতেই সাকিব হেসে বললেন, ‘তাও তো ব্যাটের মাঝখানে লাগেনি! ওই সময়ই আসলে ভালো অনুভব করা শুরু করলাম...।’ তারপরও আফসোস, ‘ক্রমাগত উইকেট পড়তে থাকায় আর সাহস করে উঠতে পারিনি। উইকেট পড়লে আরেক পাশে শক্তি কমতে থাকে।’
রংপুরের শক্তিটা কমিয়ে দিচ্ছিল আসলে মোহাম্মদ শহীদের বিধ্বংসী রূপ। ১২ রানে ৪ উইকেট সিলেটের এই পেসারের। তিন নম্বরে নামা সাকিবকে ফেরাতে তাঁকেও যেতে হয়েছে শেষ ওভারে। তবে ম্যাচের ফল নির্ধারণে শহীদের বোলিংয়ের চেয়েও বড় হয়ে উঠল সাকিবের ৩১ রানে ৩ উইকেট। টানা দ্বিতীয়বার ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্ট-সেরার দৌড়েও সাকিব এগিয়ে গেলেন। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে সাকিবই এখন বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।
বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে এই পারফরম্যান্সই প্রত্যাশিত, অন্য রূপটা নয়! ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা যে সবাই সাকিব আল হাসান হতে চায়, সেটা নিশ্চয়ই অজানা নয় তাঁরও।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১০৯/৯ (সিমন্স ১৩, সৌম্য ৭, সাকিব ৩৩, মিঠুন ৪, জহুরুল ৮, পেরেরা ২১, স্যামি ৫, সেনানায়েকে ৭, আরাফাত ৩, সাকলাইন ০*, জায়েদ ০*; শহীদ ৪/১২, মেন্ডিস ০/৪১, মুনাবীরা ০/১৯, নাসুম ১/১৫, বোপারা ১/৮, নাজমুল অপু ১/১১)
সিলেট সুপারস্টারস: ১৯.২ ওভারে ১০৩ (মুনাবীরা ১৭, কব ০, মুমিনুল ২৯, মুশফিক ২৫*, নাজমুল অপু ০, বোপারা ১, নাসুম ৭, নাজমুল ৫, নুরুল ৯, শহীদ ৪, মেন্ডিস ৩; সাকিব ৩/৩১, সানি ১/২৭, সেনানায়েকে ১/১৫, পেরেরা ১/১১, সাকলাইন ০/৬, জায়েদ ২/৫, স্যামি ১/৭)।
ফল: রংপুর ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।