
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন!
প্রায় ভুলতে বসা বাক্যটি আবারও লেখা হলো। লেখা হলো ১২ বছর ৬ মাস ২৯ দিন পর। কাল হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৯.১ ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা অবসান ঘটাল প্রায় সাড়ে ১২ বছরের প্রতীক্ষার। ২০০২ সালে ৮ ফেব্রুয়ারি ভিবি সিরিজে এই অস্ট্রেলিয়াকে হারিয়েই সর্বশেষ কোনো ওয়ানডে টুর্নামেন্ট জিতেছিল প্রোটিয়ারা।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক দুজন—ডেল স্টেইন ও ফ্যাফ ডু প্লেসি। স্টেইনের অসাধারণ বোলিংয়ে খেই হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া ২১৭ করে লেজের দুই ব্যাটসম্যান জেমস ফকনার (৩৭ বলে ৩৯) ও মিচেল স্টার্কের (৪৬ বলে অপরাজিত ২৯) কল্যাণে। ইনিংসের ২৯তম ওভারের প্রথম দুই বলে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরানো ফাস্ট বোলার স্টেইন ১০ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। স্টেইনের জোড়া আঘাতের আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৫। সেখান থেকেই ঠিক ১০ ওভার পরে দলটির স্কোর ৮ উইকেটে ১৪৪। এরপরই ফকনার-স্টার্ক জুটির ৭১ রান।
২১৮ রানের লক্ষ্য। চতুর্থ ওভারেই কুইন্টন ডি কুকের বিদায়ে উইকেটে আসেন টুর্নামন্টের সেরা ব্যাটসম্যান ডু প্লেসি। দ্বিতীয় উইকেটে হাশিম আমলাকে নিয়ে ৯৮ রান যোগ করা ডু প্লেসি পরে চতুর্থ উইকেটে আরও ৯১ রান যোগ করেন অধিনায়ক ডি ভিলিয়ার্সের সঙ্গে।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১, সিরিজে নিজের চতুর্থ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকা ডু প্লেসি জনসনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন। ৪ রানের জন্য হলো না কোনো ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। ম্যাচে প্রোটিয়াদের অপ্রাপ্তি এই একটাই। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২১৭/৯ (ফিঞ্চ ৫৪, হিউজ ১৫, স্মিথ ১০, বেইলি ১২, মার্শ ২৭, ম্যাক্সওয়েল ০, হাডিন ৬, ফকনার ৩৯, জনসন ৬, স্টার্ক ২৯*, লায়ন ০*; স্টেইন ৪/৩৪, মরকেল ২/৫৮, পারনেল ২/৪০, ফাঙ্গিসো ০/৩৬, তাহির ১/৪০)। দক্ষিণ আফ্রিকা: ৪০.৫ ওভারে ২২১/৪ (আমলা ৫১, ডি কক ৭, ডু প্লেসি ৯৬, পারনেল ৬, ডি ভিলিয়ার্স ৫৭*, ডুমিনি ০*; জনসন ১/৫২, ম্যাক্সওয়েল ১/১২, মার্শ ০/২৫, স্টার্ক ০/২৭, ফকনার ১/৫৪, লায়ন ০/৪১, স্মিথ ১/৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেল স্টেইন।
ম্যান অব দ্য সিরিজ: ফ্যাফ ডু প্লেসি।