এক যুগ পর পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে এর চেয়ে বড় ধস নেমেছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে। কিন্তু ম্যাক্সওয়েলকে নিয়ে সেই ধস সামাল দিয়েছিলেন ম্যাথু ওয়েড। কাল স্টিভেন স্মিথ সেই চেষ্টা করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া তাই অলআউট হয়ে গেল ২২০ রানেই। পাকিস্তানের ক্ষেত্রে হলো উল্টোটা। ব্রিসবেনে আগের ম্যাচে তাড়া করতে নেমে খেই হারিয়েছিল পাকিস্তান। কাল মেলবোর্নে সেটা হতে দিলেন না মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকরা। ফলাফল, ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজও ১-১ করে ফেলল পাকিস্তান।

প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। গতকালের আগে সর্বশেষ জয়টা ছিল পার্থে, রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইনজামাম-উল-হকের পাকিস্তান।

স্পিনের ওপর জোর দিয়ে যেদিন ভারত সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সেদিনই পাকিস্তানি স্পিনের বিপক্ষে এমন নড়বড়ে দেখাল স্টিভেন স্মিথের দলকে! কী কাকতালীয়, উইকেট শেষ পর্যন্ত বেশি পেয়েছেন পাকিস্তানি পেসাররাই। কিন্তু ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক আর মোহাম্মদ হাফিজকে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যেভাবে ভুগলেন, সেটাই বেশি চিন্তায় ফেলবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। মেলবোর্নের উইকেটে বল যে খুব ঘুরেছে তা-ও নয়। ভারতে গিয়ে আরও বিরূপ কন্ডিশনে আরও কঠিন স্পিন খেলতে হবে অস্ট্রেলিয়ানদের।

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের পরও ম্যাচ জিততে না পারায় সাবেক পাকিস্তান কোচ ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস আক্ষেপ করে বলেছিলেন, এমন অবস্থায় অস্ট্রেলিয়াকে সিরিজে আর পাওয়া যায় কি না সন্দেহ আছে। ঠিক পরের ম্যাচটাতেই আবার একই পরিস্থিতিতে পড়ল স্মিথের দল। এবার আর সুযোগটা নষ্ট হতে দিল না পাকিস্তান। নবম ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর সতীর্থদের নিয়ে তিনটি মাঝারি জুটি (৪৫, ৪২ ও ৬৫ রানের) হয়েছে অস্ট্রেলিয়ার, এর একটা এক শ ছাড়ালেই রানটা আরেকটু বেশি হতো স্বাগতিকদের। একা লড়ছিলেন স্মিথ, দারুণ এক স্লোয়ারে তাঁকে ৬০ রানে ফিরিয়ে দেন ইমাদ ওয়াসিম। লেজ মুড়ে দিয়ে বাকি কাজটা সারেন মোহাম্মদ আমির।

তাড়া করতে নেমে পাকিস্তান শক্ত ভিত পেয়ে যায় হাফিজ-শারজিল খানের ৬৮ রানের উদ্বোধনী জুটিতে। ৩২ বলে ২৯ করে শারজিল ফিরে যাওয়ার পর বাবর আজমকে নিয়ে আবারও ৭২ রানের জুটি করেন হাফিজ। যে জুটি ভাঙে ৩১তম ওভারে আজম স্টার্কের শিকার হওয়ায়। পরের ওভারেই ৭২ রানে থাকা হাফিজকে ফেরান ফকনার। পাকিস্তান তখন ৩ উইকেটে ১৪২। সেখান থেকে আসাদ শফিক আর মালিকের ৫৩ রানের জুটি। দলকে ১৯৫ রানে রেখে শফিক যখন ফিরে যাচ্ছেন, পাকিস্তানের জয় নিয়ে সংশয় প্রায় মুছেই গেছে। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৮.২ ওভারে ২২০ (স্মিথ ৬০, ওয়েড ৩৫, হেড ২৯; আমির ৩/৪৭, জুনায়েদ ২/৪০, ওয়াসিম ২/৩৭)।

পাকিস্তান: ৪৭.৪ ওভারে ২২১/৪ (হাফিজ ৭২, মালিক ৪২*, বাবর ৩৪; ফকনার ২/৩৫, স্টার্ক ২/৪৫)। ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ।