টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট একবার মাথায় উঠেছে ইংল্যান্ডের। তবে ৫০ ওভারের প্রতিযোগিতায় কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি তাদের। দেশের মাটিতে এবারের চ্যাম্পিয়নস ট্রফি জিততে মরিয়া দেশটি। এউইন মরগান, বেন স্টোকসরা এমনিতেই খুব আত্মবিশ্বাসী। তাঁদের শিরোপা জয়ের ক্ষুধাটা আরও বাড়িয়ে দিতেই এবার বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল পাবে ১.৭ মিলিয়ন পাউন্ড। শিরোপা জিতলে এই অর্থ প্রত্যেক খেলোয়াড়কে সমানভাগে ভাগ করে দেবে বলে ঘোষণা দিয়েছে ইসিবি। যার অর্থ প্রথমবারের মতো শিরোপাটা ইংল্যান্ডকে এনে দিতে পারলে ১৫ জনের দলের প্রত্যেকে ১ লাখ ১৩ হাজার ৩৩৩ পাউন্ড করে পাবেন। রানার্সআপ হলেও বোনাস থাকছে মরগানদের জন্য। ফাইনালে উঠলেই প্রত্যেক খেলোয়াড়কে ৫৬ হাজার ৬৬৬ পাউন্ড করে বোনাস দেবে ইসিবি। ২০১৯ সালের বিশ্বকাপটাও ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড। বিশ্বকাপ জিতলে থাকবে আরও বড় অঙ্কের বোনাস—প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ লাখ ৩১ হাজার পাউন্ড করে। মেইল অনলাইন।