এক শও করতে পারল না রংপুর

বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ জিতে দুরন্ত ফর্মের আভাস দিয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু ঢাকা পর্বে ফিরে শুরুটা মোটেও ভালো করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামদের মতো বিস্ফোরক ব্যাটসম্যানদের নিয়েও আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দলটি অলআউট হয়েছে মাত্র ৯৭ রানে। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা বোলিং করে ২২ রানে ৪ উইকেট নেন কুমিল্লার স্পিনার মেহেদী হাসান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল রংপুর। জিয়াউর রহমানকে নিয়ে আজ ওপেন করতে নেমেছিলেন গেইল। কিন্তু মেহেদীর ঘূর্ণিতে সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই গেইলের উইকেট ছত্রখান! সেটা আবার গেইলেরও প্রথম বল। সেই ওভারের পঞ্চম বলে জিয়াউরকেও তুলে নিয়ে রংপুরকে ভীষণ বিপদে ফেলে দেন মেহেদী। কিন্তু এখানেই থেমে যাননি।
১০.২ ওভারে রংপুরের সর্বোচ্চ স্কোরার ম্যাককালামকেও (২৪) বোল্ড আউট করেন মেহেদী। টি-টোয়েন্টির অন্যতম মারকুটে দুই ব্যাটসম্যান গেইল-ম্যাককালামকে এর আগেও ভুগিয়েছিলেন মেহেদী। সে ম্যাচে ম্যাককালামের উইকেট পেলেও গেইলকে তুলে নিতে পারেননি। তবে দারুণ বোলিং করেছিলেন। আজ নাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং ফিগার তুলে নেন মেহেদী। রংপুরের হয়ে ম্যাককালামের পর দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু মোহাম্মদ মিথুন (১৭) ও সোহাগ গাজি (১২)। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।