এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি

হামাগুড়ি দিতে দিতে হাঁটি হাঁটি পা পা করতে অনেকটা পথ পেরোনো হলো। আজ পেছন ফিরে তাকিয়ে বাংলাদেশের ক্রিকেট নিজেকে দেখছে প্রাপ্তবয়স্ক। কম তো হলো না, আন্তর্জাতিক অঙ্গনে কেটে গেল ৩০টি বছর। কিন্তু এখনো শোকেসে কোনো ট্রফি ওঠেনি। এখনো সেখানে একটা হাহাকার কিংবা শূন্যতা।
আন্তর্জাতিক ক্রিকেট-মানচিত্রে পা পড়েছে ১৯৮৬ সালে। এই এশিয়া কাপ দিয়েই। ওয়ানডে স্বীকৃতির ১১ বছর আগে। তারপর ওয়ানডে স্বীকৃতি জুটেছে, টেস্ট মর্যাদা পাওয়া গেছে। নয় নয় করে খেলা হয়ে গেছে ২১ টুর্নামেন্ট। ৫টি বিশ্বকাপের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টটা বাংলাদেশের ১২তম এশিয়া কাপ, সঙ্গে একটি অস্ট্রেলেশীয় কাপ, একটি আইসিসি-নকআউট টুর্নামেন্ট, ৩টি চ্যাম্পিয়নস ট্রফি, আর ৬টি ত্রিদেশীয় টুর্নামেন্টও আছে। কিন্তু শ্রেষ্ঠত্বের মঞ্চ বাংলাদেশকে খুব একটা ডাকেনি। সেখানে বাংলাদেশ বেশির ভাগ সময়ই অনাহূত অতিথি, কিংবা হয়েছে সংখ্যা পূরণের নিমিত্ত।
২০১২ এশিয়া কাপ ফাইনালের কান্না মুছে আবার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, সব মিলিয়ে যেটি তৃতীয় ফাইনাল। বাংলাদেশকে ফাইনালের প্রথম মঞ্চটা দেখিয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট—২০০৯ সালের জানুয়ারিতে। কিন্তু আগের দুটি ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে কৌলীন্যের অহংকারে ‘দুর ছাই’ করতে পারেনি। বাংলাদেশই বরং প্রতিপক্ষের দিকে চোখ লাল করে তাকিয়েছে, দেখিয়েছে প্রত্যয়ী চেহারাটা। রাজার কাছে প্রজার মতো নতজানু থাকেনি বাংলাদেশ। গৌরবটা হাত ফসকে গেছে অল্পের জন্য।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৬ জানুয়ারি, ২০০৯-এর সেই হিম হিম রাতেই বাংলাদেশের হাতে উঠতে পারত প্রথম ট্রফিটি। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক দল উঠেছিল দাপটের সঙ্গেই। কিন্তু বাংলাদেশের বুক ভেঙে দিলেন হঠাৎই ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠা মুত্তিয়া মুরালিধরন। টস হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ মাত্র ১৫২ রানের পুঁজি নিয়ে জিততে পারল না ‘রুদ্র’ মুরালির কারণে। ১৫৩ রান তাড়া করতে গিয়ে ৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা, ৮ উইকেট ১১৪ রানে, কিন্তু তারপরই স্পিন-জাদুকর মুরালির হাতের ব্যাটটা হয়ে ওঠে তরবারি। কুলাসেকারাকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে মুরালি যখন শ্রীলঙ্কাকে জিতিয়ে ফিরলেন, ২১ বলে ৩৩ রান তাঁর, ৪টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা। অবিশ্বাস্যভাবে এমন লুণ্ঠিত হওয়ার অনুভূতিটা ঘুচতে বাংলাদেশের সময় লেগেছে অনেক দিন। নির্দিষ্ট করে বললে ২০১২ সালের ২২ মার্চ, এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত।
যে ফাইনালের শেষের ছবিটা ক্রিকেট ইতিহাসের চিরবিষণ্ন এক ছবি। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম সতীর্থ সাকিব আল হাসানের বুকে মাথা গুঁজে কাঁদছেন। কিন্তু সাকিব তাঁকে সান্ত্বনা দেবেন কী! তাঁর চোখেও তখন শ্রাবণধারা, আকাশ আর গ্যালারির মাঝামাঝি দিয়ে কোন সুদূরে যেন হারিয়ে গেছে দৃষ্টি। একটু আগেই যে ‘ইশ্’, ‘যদি’, ‘উহ্’, ‘আহ্’ করে জয়টা মাত্র ২ রান দূর থেকে গড়িয়ে উঠেছে পাকিস্তানের হাতে। টসজয়ী বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের বেঁধে রাখতে পেরেছিল ২৩৬ রানে। জয়ের জন্য শেষ ওভারটিতে দরকার ছিল ৯ রান। মাহমুদউল্লাহ ও রাজ্জাক মিলে নিতে পারলেন ৬ রান। বাংলাদেশ হারল ২ রানে। শাহাদাত শেষ বলটিতে ব্যাট লাগাতে পারলেও ফল হতে পারত অন্য, দীর্ঘশ্বাসে ভারী হতো না বাতাস।
আজ আবার আরেকটি ফাইনাল। মঞ্চ সেই এশিয়া কাপ। সামনে এবার ভারত। ব্যবধান হলো, আগের দুটি ফাইনাল ছিল ৫০ ওভারের ম্যাচের, এবার টি-টোয়েন্টি। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণ মানেই তো বিসর্গের মতো শূন্যে ভাসে অনিশ্চয়তা। কিন্তু বাংলাদেশ যাবতীয় অনিশ্চয়তার মধ্যে সত্যেরও মুখোমুখি। এক সত্যি মিলিয়ে গেছে হাহাকারে, দুই সত্যি ছিল দীর্ঘশ্বাস। তৃতীয় সত্যিটা কি হবে জয়ের আনন্দ?