এক সাবেক স্ত্রী মুগ্ধ, আরেকজন ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান ও রেহাম, যখন ছিল সুদিন! ফাইল ছবি
ইমরান ও রেহাম, যখন ছিল সুদিন! ফাইল ছবি
>ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান প্রশ্ন তুলেছেন, কীভাবে বিজয়ী হলো তাঁর দল! এর পেছনে সেনাবাহিনীর হাত দেখছেন রেহাম

ছেলের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী! ইমরান খানকে এভাবেই অভিনন্দন জানিয়েছিলেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তবে এতটা খুশি হতে পারেননি রেহাম খান। ইমরানের দ্বিতীয় স্ত্রী বরং প্রশ্ন তুলেছেন, কীভাবে বিজয়ী হলো তাঁর দল! এর পেছনে সেনাবাহিনীর হাত দেখছেন রেহাম।

এই প্রথম কোনো ক্রিকেটার কোনো দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক যদিও এখনো শপথ নেননি। তবে তাঁর প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেও কী অবিশ্বাস্য সাফল্য পেলেন পাকিস্তান তেহরিক-ই–ইনসাফের প্রতিষ্ঠাতা হয়ে! এই অভিনন্দনবৃষ্টির মধ্যে ইমরানের সমালোচনাও হচ্ছে। তাতে রীতিমতো বিষমাখা তির নিয়ে হাজির হলেন রেহাম।

ইমরানের সঙ্গে সম্পর্কের পরিণতি অনেক আগেই কদর্য রূপ নিয়েছিল রেহামের। ভারতের দ্য হিন্দুকে সেই রেহাম বলছেন, ‌‌‘আমি জানতাম, ফলাফল এমন হতে পারে। তবে এ–ও জানতাম, নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তার জেতার কোনো সুযোগ নেই। ওর দল এমন সব জায়গাতেও ভালো ফল করেছে, যেটা অবিশ্বাস্য। যেমন ধরুন, খাইবার পাখতুনখাওয়া পিটিআই খুবই অজনপ্রিয় ছিল। এরপর লাহোর, করাচি—এসব জায়গায় অনেক নামকরা বিখ্যাত প্রার্থী পিটিআইয়ের অখ্যাত প্রার্থীর কাছে হেরেছেন, যেটা অবিশ্বাস্য।’

রেহাম অনেক আগেই ইমরানের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, কুৎসিত যৌনাচারের অভিযোগ এনেছিলেন। আর পিটিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল, রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী রেহাম ইমরানকে ব্যবহার করতে চেয়েছিলেন উঠে যাওয়ার সিঁড়ি হিসেবে। আবার এ অভিযোগও আনা হয়েছিল, রেহাম বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলেন ইমরানকে। সেই ইমরানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের সময়ে রেহাম আবারও হাজির হলেন সমালোচনার চাবুক হাতে।

রেহাম সরাসরি অভিযোগ করেছেন, সামরিক বাহিনী জিতিয়ে দিয়েছে ইমরানকে, ‘যখন ওর স্ত্রী ছিলাম, অনেক কথাই কানে আসত। ইমরান নিজেও সব সময় সামরিক বাহিনীর সঙ্গে ওর সুসম্পর্কের কথা বলত। ২০০৮ সালে ও তো নির্বাচন বয়কটের কথাও ভেবেছিল রাগে-দুঃখে। কারণ ওর মনে হয়েছিল, সেনাবাহিনী ওকে সমর্থন দেয়নি। ইমরানের সঙ্গে আমার পরিচয়ের পর থেকে ওর প্রতি সেনাবাহিনীর সমর্থন বাড়তে দেখেছি। ইমরান সব সময়ই আত্মবিশ্বাসী ছিল, ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেই হবে। আমার ধারণা, ইমরানকে ক্ষমতায় আনার পরিকল্পনা দুই বা তিন বছর আগে নেওয়া হয়।’