এক 'বাঘে'র গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত সেই বোলিং অ্যাকশনে ও’রিলি।—সংগৃহীত ছবি
বিখ্যাত সেই বোলিং অ্যাকশনে ও’রিলি।—সংগৃহীত ছবি

প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ক্রিকেটের ধ্রুব কিছু সত্যর একটি হলো, বল গড়িয়ে সীমানা পেরোলেই চার রান। এ রকম আরেকটি ধ্রুব সত্য হলো, ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানের নাম ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। ক্রিকেটের সেরা বোলারের নামটা যেন কী? এখানে এসেই থমকে দাঁড়ান সব ক্রিকেট বিশেষজ্ঞ। এত এত সব দুর্দান্ত বোলারের মাঝে কাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায়! ব্র্যাডম্যানই শেষ পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছিলেন। নিজের দেখা সেরা বোলার হিসেবে বেছে নিয়েছেন একজনকেই—বিল ও’রিলি।

প্রথমেই জেনে নেওয়া যাক ক্রিকেটের ‘সেরা বোলার’-এর পরিসংখ্যান। মাত্র ২৭টি টেস্ট খেলেছেন ও’রিলি, তাতে ১৪৪টি উইকেট (গড় ২২.৫৯)। চোখ কপালে উঠতেই পারে, কত রাম-শ্যাম-যদু-মধুই তো দুই শর বেশি উইকেট পেয়েছেন, যেখানে তিনি দেড় শ উইকেটও পাননি। এখানেই প্রমাণ হয় পরিসংখ্যান একটা ‘গাধা’। পরিসংখ্যানের কী সাধ্য ও’রিলিকে চেনায়! যাঁরা তাঁর বোলিং দেখেছেন, তাঁরা চিনেছেন। যাঁদের সেই সৌভাগ্য হয়নি, তাঁরা শুনবেন সৌভাগ্যবানদের কাছ থেকে ও’রিলির গল্প।

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ও ৯০ কেজির চেয়েও বেশি ওজন নিয়ে বিশালকায় এক শরীরের অধিকারী ছিলেন ও’রিলি। এমন শরীর নিয়ে ফাস্ট বোলার হওয়াটাই স্বাভাবিক হতো। কী বুঝে লেগ স্পিনার হয়েছিলেন কে জানে, কিন্তু লেগ স্পিন বোলিংয়েও ফাস্ট বোলারের চরিত্র ফুটিয়ে তুলতেন তিনি। আচরণে কখনো স্পিনারদের ধৈর্য প্রকাশ পেত না। মাঠে তাঁর প্রতিটি পদক্ষেপে ফুটে উঠত আগ্রাসী মেজাজ, প্রতিটি বল করার সময় আচরণে প্রকাশ পেত ব্যাটসম্যানদের প্রতি প্রবল ঘৃণা। স্পিনারদের তুলনায় দীর্ঘ এক রান আপ নিয়ে প্রতিটি বল ছাড়তেন নিজের সর্বস্ব দিয়ে। এই সব কিছু মিলিয়েই তাঁর ডাকনাম হয়ে গিয়েছিল ‘টাইগার’।

অস্ট্রেলিয়া দলে ক্ল্যারি গ্রিমেটের সঙ্গে মিলে গড়েছিলেন ভয়ংকর এক লেগ স্পিন জুটি। এমন এক যুগে খেলেছেন, যখন পিচ বানানো হতো ব্যাটসম্যানদের রান উৎসবের কথা মাথায় রেখে। ‘টাইমলেস টেস্টে’র নামে ব্যাটসম্যানদের অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া হতো রান করার। এমন এক সময়েও তাঁর স্ট্রাইকরেট ৬৯.৬। তাঁর মুখোমুখি হওয়ার কথা চিন্তা করেই হাত পা ঠান্ডা হয়ে যেত ব্যাটসম্যানদের। ফ্লাইটের বৈচিত্র্য, আঙুলের চাপে গতি পরিবর্তন, অ্যাকশনে কোনো পরিবর্তন না এনে প্রায় মিডিয়াম পেসে করা গুগলি, বাড়তি বাউন্স, সঙ্গে অনেকটা নিচু হয়ে বল ছাড়া মিলিয়ে এক ধাঁধা হয়ে ছিলেন ব্যাটসম্যানদের মাঝে। এর সঙ্গে তো ও’রিলির তর্জন গর্জন ছিলই। এমনভাবে সোচ্চারে আবেদন করতেন, আশেপাশের সবাই ঘাবড়ে যেত। তারপরও মাত্র ২৭ টেস্ট ও ১৪৪ উইকেটেই কেন থেমে গেল তাঁর ক্যারিয়ার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা আর অধিনায়ক ব্র্যাডম্যানের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত মিলিয়ে ক্রিকেটের অন্যতম সেরা এক বোলারের ক্যারিয়ারটা পরিপূর্ণতা পায়নি।

তবে ও’রিলির সিরিয়াসলি ক্রিকেট খেলার পেছনে কিন্তু ব্র্যাডম্যানের পরোক্ষ একটা ভূমিকা ছিল। ১৯২৫ সালে ঘরোয়া এক খেলায় ১৭ বছরের ব্র্যাডম্যানের মুখোমুখি হয়েছিলেন ও’রিলি। সাপ্তাহিক ছুটির দিনের খেলা। প্রথম দিন ২৩৪ রানে অপরাজিত ছিলেন ব্র্যাডম্যান। এক সপ্তাহ পর সেই ম্যাচ যখন আবার শুরু হলো, প্রথমেই ব্র্যাডম্যানকে সামনে পেয়ে গেলেন ও’রিলি। লেগ স্টাম্পে পিচ করে ব্র্যাডম্যানের অফ স্টাম্পের বেল ফেলে দেওয়ার পর তাঁর অনুভূতি হলো, ‘দুনিয়ার সেরা খেলা তো এটাই।

ক্রিকেট দুনিয়ার দুর্ভাগ্যই বলতে হবে, সময়ের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার খেলেছিলেন একই দলে। তাই আন্তর্জাতিক অঙ্গন ব্র্যাডম্যান-ও’রিলি লড়াইয়ের দেখা পায়নি। কিন্তু অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ঠিকই লড়াই হয়েছে তাঁদের। মোট ১৮ ইনিংসে মুখোমুখি হয়েছেন দুজন। চার বার সেঞ্চুরি পেয়েছেন ব্র্যাডম্যান। আবার ছয় বার ১২ থেকে ৯১ রানের মধ্যে তাঁকে আউটও করেছেন ও’রিলি। সেরা দুজনের লড়াইয়ে তাই সমতাই বলতে হবে।

ক্রিকেটের এই কিংবদন্তির জন্ম হয়েছিল নিউ সাউথ ওয়েলসের হোয়াইট ক্লিফসে, ১৯০৫ সালে আজকের এই দিনেই।
শুভ জন্মদিন, ‘টাইগার’ ও’রিলি!