একই চিত্রনাট্যে কুশীলব বদল

যেন এ রকমই হওয়ার কথা ছিল। চিত্রনাট্যে সাজানো ছিল সব। অভিনেতারা আরও একবার যাঁর যাঁর চরিত্র উপস্থাপন করে ফিরে গেলেন গ্রিনরুমে। পর্দার বাইরের কুশীলবরাও ভাবলেশহীন। একই ‘শো’ বারবার চলছে। আজ একটা শেষ হয়েছে, কাল আরেকটা হবে। এ তো নতুন কিছু নয়!
এই ‘শো’ চলছে গত বছরের অক্টোবর-নভেম্বর মাস থেকে। ব্যবসাসফল ছবির প্রিমিয়ার শো আর টানা পঞ্চাশ-পঞ্চান্ন সপ্তাহ চলার পরের ‘শো’র উত্তেজনা এক না হওয়ারই কথা। হারের ধকলে ক্লান্ত একটি বছর পেরিয়ে জেতা সেই জিম্বাবুয়ে সিরিজের আনন্দ ছিল বাঁধভাঙা। কালকের সিরিজ জয়ের আনন্দের সঙ্গে সেটার কোনোভাবেই তুলনা চলে না। এই জয়ের আগের একটি বছর যে বাংলাদেশ দল সাফল্য ছাড়া আর কিছু দেখেনি!
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে এসে দেশের মাটিতে পর পর পাকিস্তান, ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। উত্তুঙ্গ আত্মবিশ্বাসী এক দলের সামনে বছরের চতুর্থ ও শেষ সিরিজে সামনে যখন সেই জিম্বাবুয়ে, জয়ের বিকল্প কোনো চিন্তাই আসেনি কারও মনে। প্রতিপক্ষকে কতটা পেছনে ফেলে জেতা যায়, আলোচনা ছিল সেটা নিয়েই। প্রথম ম্যাচের ১৪৫ রানের জয় সেই তৃষ্ণা অনেকটাই মিটিয়ে দিয়েছে। কালকের জয়টা অত বড় না হলেও একবিন্দু চ্যালেঞ্জ জানাতে পারেনি জিম্বাবুয়ে। তাদের অধিনায়ক এলটন চিগুম্বুরা যতই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলে যান, ‘শেষ ম্যাচটা জিততে চাই’, সিরিজের আবহসংগীতে মোটেও সে রকম বাজনা বাজছে না। মাশরাফি বিন মুর্তজা তো বরং আগাম একটা হুমকিই দিয়ে রাখলেন!
ক্রিকেটের শুদ্ধতায় বিশ্বাসী মাশরাফির অবশ্য ‘হুমকি’ শব্দটাতে আপত্তি থাকতে পারে। কারণ যে কথা তিনি বলেছেন, জিম্বাবুয়ে বলে নয়, যেকোনো দলের বিপক্ষে যেকোনো ম্যাচের আগেই তাঁর বুকে অনুরণিত হয় সেই রণসংগীত। ‘এই জার্সি গায়ে দিয়ে টানা এক শ ম্যাচ জিতলেও আমরা এর পরের ম্যাচটা জিততে চাইব। কাজেই শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সুযোগ নেই’—ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই হলো বাংলাদেশ অধিনায়কের শেষ কথা।
এর আগের কথাগুলোর বেশির ভাগই প্রথাগত। টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতে দলের সবাই খুশি। এভাবে চলতে থাকলে সামনে আরও ভালো কিছু হবে ইত্যাদি। তবে পাশে বসা ম্যান অব দ্য ম্যাচ ইমরুল কায়েসের প্রসঙ্গটা ভালোই গুরুত্ব পেল। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ২ আর ৫ রান করার পর কালই আবার প্রথম নামলেন ওয়ানডে খেলতে। নেমেই ১১তম ফিফটি। সাকিবের বিকল্প হয়ে নামা বাঁহাতি এই ওপেনারের ৭৬ রানের ইনিংসটাই দলের পক্ষে সর্বোচ্চ।
অথচ কাল ম্যাচের আগে তিনি ভুগছিলেন প্রচণ্ড স্নায়ুচাপে। সেই চাপ কাটিয়ে ও রকম একটা ইনিংস খেলার কৃতিত্ব নিজে না রেখে দিয়ে দিলেন আরেকজনকে, ‘এই ম্যাচের আগে অনেক চাপে ছিলাম। আমার বস সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছে। তাঁকে ধন্যবাদ।’ ইমরুলের ‘বস’ আর কেউ নন, মাশরাফি নিজেই। তা কীভাবে দূর করলেন তিনি আট মাস পর ওয়ানডে খেলতে নামা ইমরুলের চাপ? শুনুন মাশরাফির মুখেই, ‘ম্যাচের আগে মনে হচ্ছিল ও খুব নার্ভাস। খুব চিন্তিত। আমি বললাম, বিশ্বকাপে তো এ রকম চিন্তা-চিন্তা করে করে রান পেলি না। এখন চিন্তা বাদ দিয়ে নির্ভার ক্রিকেট খেল।’ মাশরাফি তাঁর দেওয়া টনিক সম্পর্কে সবটুকু বললেন না। বাকিটা জানালেন ইমরুল, ‘উনি বলেছেন, আউট হয়ে গেলে কী হবে! তুই তো আর মরে যাচ্ছিস না। জীবন শেষ হয়ে যাচ্ছে না। স্বাভাবিক খেলা খেল।’
সেটা খেলেই কাল রাতের সবটুকু আলো কেড়ে নিলেন ইমরুল কায়েস। চিত্রনাট্য একই থাকলেও কোন ‘শো’তে কার অভিনয় মন কাড়ে, তা আগে থেকে বলার সাধ্য কার!