
শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচটাই শুধু ব্যতিক্রম। এরপর বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ মানেই আগে বল করা এবং প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যেই গুটিয়ে দেওয়া। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে সেটা টপকে যাওয়া। স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর কাল আফগানিস্তানের সঙ্গে ম্যাচেও একই চিত্রনাট্য। ৬ উইকেটের সহজ জয়ে নিউজিল্যান্ড মোটামুটি নিশ্চিত যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে।
আগের ম্যাচগুলোর সঙ্গে মিল শুধু জয়ের ধরনে নয়। এখন পর্যন্ত বিশ্বকাপে পেস বোলিংয়ের সবচেয়ে দুর্দান্ত প্রদর্শনী সম্ভবত নিউজিল্যান্ডেরই, টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৮ উইকেট পেয়েছেন কিউই পেসাররা। কাল অবশ্য টিম সাউদি নিষ্প্রভ ছিলেন, কিন্তু ট্রেন্ট বোল্ট, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনেরা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন। তবে সবাইকে ছাপিয়ে দিনটাকে নিজের করে নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। অসাধারণ তাঁর বোলিং বিশ্লেষণ ১০ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট। নিজের প্রথম বলেই আউট করেন উসমান গনিকে, পরে নওরোজ মঙ্গলকে আউট করে ৩০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। মোহাম্মদ নবী ও আফসার জাজাইকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন, কিন্তু সেটা হতে দেননি নজিবুল্লাহ জাদরান।
৫৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর সামিউল্লাহ শেনওয়ারিকে নিয়ে এই নজিবুল্লাহই প্রতিরোধ গড়ে তুলেছেন। সপ্তম উইকেটে দুজন মিলে যোগ করেছেন ৮৬ রান। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে আফগানরা করতে পেরেছে ১৮৬।
নিউজিল্যান্ডের পেসারদের মতো না হলেও আফগানিস্তানের পেসাররা টুর্নামেন্টে ভালোই করেছেন। দওলত জাদরান, শাপুর জাদরান ও হামিদ হাসান মিলে ২৩ উইকেট নিয়েছিলেন এর আগে। কিন্তু কাল ব্রেন্ডন ম্যাককালাম ভালোই শিক্ষা দিলেন তাঁদের। ভাগ্য ভালো, ম্যাককালাম-ঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১৯ বলে ৪২ রান করার কিউই অধিনায়ককে ফিরিয়ে দিয়েছেন নবী। গাপটিল (৫৬) ও উইলিয়ামসন (৩৩) অবশ্য কোনো অঘটন ঘটতে দেননি। ক্রিকইনফো, এএফপি।