পরশু অ্যাডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলল অস্ট্রেলিয়া। ওই ম্যাচ শেষ হওয়ার ১৬ ঘণ্টা পেরিয়েছে কি পেরোয়নি। কাল সকালে পুনেতে আবার মাঠে অস্ট্রেলিয়া। রঙিন পোশাক ছেড়ে এবার সাদা পোশাকে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ। অ্যাডিলেড থেকে সবচেয়ে কম সময়ে পুনে আসতেও ২১ ঘণ্টার বেশি সময় লাগে। অস্ট্রেলিয়া কীভাবে পারল?
অস্ট্রেলিয়া পেরেছে দুই সিরিজের জন্য পুরোপুরি আলাদা দুটি দল গড়েই। প্রতিশ্রুতি পূরণ কিংবা অন্য যে কারণেই হোক না কেন, কাছাকাছি সময়ে দুটি সিরিজ খেলতে হলো অস্ট্রেলিয়াকে। এই সময়ে না হয় ক্রিকেট-দুনিয়া ঠাসা ব্যস্ত সূচিতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটটা যে সময়ে খুব কম দেশ খেলত, সেই সময়ে এর চেয়েও অদ্ভুতুড়ে সূচি পাওয়া যায়। ১৯৩০ সালে ইংল্যান্ড যা করেছে, সেটার তুলনা তো ক্রিকেট ইতিহাসেই দ্বিতীয়টি নেই।
তা ইংল্যান্ড কী করেছিল? তেমন কিছু না, শুধু একই দিনে বিশ্বের দুই প্রান্তে দুটি দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল। একটি নিউজিল্যান্ডে, অন্যটি ওয়েস্ট ইন্ডিজে।
ইংলিশরা অবশ্য কিছুটা বাধ্যই হয়েছিল একই সময়ে দুটি সিরিজ খেলতে। ১৯২৬ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্বসূরি ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স টেস্ট মর্যাদা দেয় নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয়রা তাঁদের প্রথম টেস্টটা খেলে ফেলে ১৯২৮ সালে ইংল্যান্ড সফরে। তিন দিনের তিন টেস্টেই শোচনীয়ভাবে হারলেও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে সম্ভাবনা দেখেছিল ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। তাই ক্যারিবিয়ানে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় এমসিসি। ইংল্যান্ডের ক্রিকেটের অভিভাবক সংস্থা সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজ খেলার।
কিন্তু অস্ট্রেলিয়া (১৯২৮-২৯ ও ১৯৩২-৩৩) ও দক্ষিণ আফ্রিকায় (১৯৩০-৩১) আগেই সিরিজ খেলতে প্রতিশ্রুতি থাকায় সময় বের করতে পারছিল না এমসিসি। অনেক ভেবেচিন্তে শেষে ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড দুই দেশেই দল পাঠানোর সিদ্ধান্ত নেয় এমসিসি।
সমস্যা ছিল একটাই—মূল খেলোয়াড়েরা যেতে চাচ্ছিলেন না কোনো সফরেই। শরীর ভালো নেই, এই কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন অধিনায়ক আর্থার গিলিগান। তাঁর বদলে নিউজিল্যান্ড সফরে অধিনায়ক করা হয় তাঁর বড় ভাই হ্যারল্ড গিলিগানকে। হ্যারল্ড এর আগে কখনো ইংল্যান্ডের হয়ে খেলেনইনি। ১৪ জনের দলে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল শুধু পাঁচজনের—ফ্র্যাঙ্ক উলি, দুলিপসিংজি, টেড বাউলি, ফ্রেড ব্যারাট ও জেফরি লেগ।
সেই তুলনায় ক্যারিবীয় সফরের দলটাই বরং ছিল অভিজ্ঞ। সেটা আক্ষরিক অর্থেও। ৫২ বছর বয়সী উইলফ্রেড রোডস, ছিলেন ৫১ বছর বয়সী জর্জ গান। গান তো ১৯১২ সালের পর প্রথম সুযোগ পেয়েছিলেন দলে। মাত্র পাঁচজন খেলোয়াড়ের বয়সই ত্রিশের থেকে কম ছিল।
১১ জানুয়ারি ১৯৩০। প্রায় নয় হাজার মাইল দূরত্বে দুই মাঠে প্রথমবারের মতো একই দিনে টেস্ট খেলছে ইংল্যান্ড। আগের দিন ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের। এক দিন পর ব্রিজটাউনে শুরু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। তবে ওই দিন কিন্তু একই সময়ে দুই মাঠে যুগপৎ খেলতে পারেনি ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ক্রাইস্টচার্চ-ব্রিজটাউন দুই ভেন্যুতেই পরের দিনটা ছিল রোববারের ‘রেস্ট ডে’। আর ১৩ জানুয়ারি সোমবার যখন ব্রিজটাউনে খেলা শুরু হলো, তার অনেক আগেই শেষ ক্রাইস্টচার্চ টেস্ট।
ইংল্যান্ডের দুটি দলের একই সময়ে খেলার আবার সুযোগ হলো মাস দেড়েক পর। জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টেস্ট ও অকল্যান্ডে নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয় ২১ ফেব্রুয়ারি।
দুই শহরের সময়ের পার্থক্য প্রায় ১৮ ঘণ্টা। তাই ইংল্যান্ডের দুটি দলের যুগপৎ মাঠে নামার সুযোগ এল অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারিতে (নাকি ২১ ফেব্রুয়ারি! ওয়েস্ট ইন্ডিজে তখনো যে ২১ ফেব্রুয়ারি)। জর্জটাউন টেস্টের প্রথম দিনের শেষ সেশন ও অকল্যান্ডে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা হলো একই সময়ে। পরের দিন ২৩ ফেব্রুয়ারি ছিল রোববার, বিশ্রামের দিন। অকল্যান্ডের ম্যাচটা সোমবার যখন শেষ হলো, জর্জটাউনে শুরুই হয়নি খেলা। তাই আর একই সঙ্গে মাঠে নামা হয়নি ইংল্যান্ডের।
সময়ের পার্থক্য ও বাজে আবহাওয়া—এই দুই বাধার কারণে ইংল্যান্ডের দল দুটি একই সময়ে মাঠে ছিল ঘণ্টা দুয়েকের মতো।
ওই ফেব্রুয়ারিতেই ইংল্যান্ডের তৃতীয় আরেকটি দলও সফরে বেরোয়। ইংল্যান্ড একাদশ নাম নিয়ে দলটি যায় আর্জেন্টিনা সফরে। আর্জেন্টাইনদের সঙ্গে দুটি বেসরকারি প্রথম শ্রেণির ‘টেস্ট’ও খেলে দলটি।
* ক্রিকইনফো অবলম্বনে